বিশ্বের নয় দেশে দূতাবাসের জন্য জমি ক্রয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের নয়টি দেশে বাংলাদেশের দূতাবাসের জন্য নিজস্ব জমি ক্রয় করা হয়েছে। এর মধ্যে পাঁচটি স্থানে এরই মধ্যে দূতাবাসের নিজস্ব ভবন স্থাপন করা হয়েছে এবং সেখান থেকে দূতাবাসের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আজ বুধবার সংসদে বিএনপির সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীর প্রশ্নের জবাবে বলেন, ‘দীর্ঘ মেয়াদে মিশন পরিচালনার ব্যয় সংকোচনের লক্ষ্যে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো পর্যায়ক্রমে নিজস্ব ভবনে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।’ তিনি বলেন, ভারতের কলকাতায় বর্তমান চ্যান্সারি ভবনের জন্য ৫১ কাঠা ১১ ছটাক জমি ১৯৭৪ সালে ২২ লাখ ৮৫ হাজার ১৮৭ টাকায় ক্রয় করা হয়েছিল। পরে ভবনটি নির্মাণের জন্য আরও ১৪ লাখ নয় হাজার ৪৭৫ টাকা ব্যয় করা হয়।এ ছাড়া যুক্তরাজ্যের লন্ডনে চ্যান্সারি ভবনের জন্য ১৯৭৩ সালে পাঁচ হাজার ৬৯১ বর্গফুট জমি তিন লাখ ৫০ হাজার ব্রিটিশ পাউন্ড মূল্যে ক্রয় করা হয়েছিল। সেখান থেকে বাংলাদেশ হাইকমিশনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।দীপু মনি বলেন, বেলজিয়ামের ব্রাসেলসে চ্যান্সারি ভবনের জন্য ১৯৮৭ সালে ৩৭০ বর্গমিটার জমি ৮০ লাখ ৬৪ হাজার টাকায় ক্রয় করা হয়েছিল। ১৯৮৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস নির্মাণের জন্য এক লাখ ৫৯ বর্গমিটার জমি ৩৬ কোটি ৪৮ লাখ টাকায় ক্রয় করা হয়। সেখানে ২০০০ সালে দূতাবাসের নিজস্ব ভবন স্থানান্তরিত হয়। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে চ্যান্সারি ভবনের জন্য ১৯৮৫ সালে চার হাজার ২৭৪ বর্গমিটার জমি তিন লাখ ১০ হাজার ১০০ মার্কিন ডলারে ক্রয় করা হয়। এ ছাড়া নিউইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনের জন্য ২০০৯ সালে ৩৮ কোটি চার লাখ টাকায় ১২ হাজার ৭২৬ বর্গফুটের একটি ফ্লোর স্পেস ক্রয় করা হয়। আনুষঙ্গিক অন্যান্য খরচসহ এর মোট ক্রয়মূল্য হলো ৫১ কোটি ৮০ লাখ টাকা।পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাপান, মালয়েশিয়া, নেপাল, মিয়ানমারসহ আরও চারটি স্থানে দূতাবাসের জন্য জমি ক্রয় করা হয়েছে। এর মধ্যে জাপানের টোকিওতে ৯১ কোটি ৮০ লাখ টাকায় ৭১৪ বর্গমিটার, মালয়েশিয়ার পুত্রজায়ায় ৩ দশমিক ৯৪৭ মিলিয়ন রিংগিতে ছয় হাজার ১১৪ বর্গমিটার, নেপালের কাঠমান্ডুতে ১৩ কোটি টাকায় ৬১,৩৯৬.৭০ বর্গফুট জমি ক্রয় করা হয়েছে এবং মিয়ানমারের নতুন রাজধানী নেপিডোতে ১ দশমিক ৭২২ মার্কিন ডলারে ৫.৭৪ একর জমি ৩০ বছর মেয়াদি নবায়নযোগ্য লিজ গ্রহণ করা হয়।দীপু মনি বলেন, এ ছাড়া তুরস্কের আঙ্কারায় চার হাজার ৬০৯ বর্গমিটার, ভারতের নয়াদিল্লিতে ২৩ হাজার ৩৭ বর্গমিটার, পাকিস্তানের ইসলামাবাদে ২৫ হাজার বর্গ গজ এবং সৌদি আরবের রিয়াদে সাত হাজার ৯৫০ বর্গমিটার পরিমাণ জমি পারস্পরিক বিনিময়ের ভিত্তিতে পাওয়া যায়। এর মধ্যে নয়াদিল্লিতে নিজস্ব দূতাবাস কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে এবং রিয়াদ ও ইসলামাবাদে নিজস্ব জমিতে চ্যান্সারি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। এ ছাড়া আঙ্কারাতে নিজস্ব জমিতে দূতাবাস কমপ্লেক্স নির্মাণের প্রকল্প পরিকল্পনা কমিশনে বিবেচনাধীন রয়েছে বলে তিনি জানান।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৯৩ সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে তিন হাজার ৫৪৯ বর্গমিটার জমি সে দেশের সরকারের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া গেছে। বর্তমানে সেখানে নিজস্ব কনসুলেট জেনারেল ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন। বাসস।