বিশ্বের প্রথম উলম্ব উড্ডয়নে সক্ষম ড্রোন বানাল ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের বিজ্ঞানীরা বিশ্বে প্রথমবারের মতো উলম্বভাবে উড্ডয়ন ও অবতরণে সক্ষম চালকবিহীন বিমান (ভিটিওএল) উদ্ভাবন করেছে। শিগগিরই এ বিমানটি চালু করা হবে বলে প্রেস টিভির খবরে বলা হয়। চালকবিহীন বিমান (ড্রোন) তৈরির গবেষক দলের প্রধান আব্বাস জাম আজ শনিবার বার্তা সংস্থা মেহেরকে বলেন, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশ্বে প্রথমবারের মতো এ ড্রোনটি তৈরি করা হয়েছে। তিনি বলেন, ইরানে ইসলামি বিপ্লবের ৩৪তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত ১০দিন-ব্যাপী ‘উষা উদযাপন’ অনুষ্ঠানে ড্রোনটি উদ্বোধন করা হবে। জাম বলেন, নিঃশব্দে উড়তে সক্ষম ড্রোনটির অবতরণের জন্য কোন রানওয়ের দরকার হবে না। তিনি আরও বলেন, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) বিমানটির নির্মাণ সংক্রান্ত খবর নিশ্চিত করেছে। ইরানি গবেষকেরা সম্প্রতি রাডারকে ফাঁকি দিতে সক্ষম একটি ড্রোন নির্মাণ করেছেন। লিকো নামের এ ড্রোনটি ১০০ কেজি ভর বহন করে ১০০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। ৫৩ কেজি ওজনের এ ড্রোনটি ১৬ হাজার ফুট উচ্চতায় তিন ঘণ্টা অবিরাম উড়তে পারে। এটির উড্ডয়ন ও অবতরণের জন্য খুব ছোট রানওয়ের দরকার হয়।