বিশ্বের প্রবীণতম ব্যক্তির মৃত্যু
বিশ্বের প্রবীণতম ব্যক্তি বলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়া ১১৬ বছর বয়সী নারী বেস কুপার আর নেই। গতকাল মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের মনরোর একটি চিকিত্সাকেন্দ্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ছেলে সিডনি কুপার এ তথ্য জানান। রয়টার্সের খবরে এ কথা জানানো হয।সিডনি বলেন, পাকস্থলীতে সমস্যার কারণে গত সপ্তাহজুড়ে অসুস্থ ছিলেন তাঁর মা। তবে গত সোমবার তিনি কিছুটা ভালো ছিলেন। গতকাল তিনি বড়দিনের একটি ভিডিওচিত্র দেখেছেন। এর পর তাঁর শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়। পরে তাঁকে অক্সিজেন দেওয়া হয়। স্থানীয় সময় দুপুর দুইটায় তিনি মারা যান।চলতি বছরের জানুয়ারিতে বেস কুপারকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। মে মাসে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’ জানতে পারে ব্রাজিলের মারিয়া গোমেজ ভ্যালেন্টাইন তাঁর চেয়ে ৪৮ দিনের বড়। কিন্তু চলতি বছরের ২১ জুন ভ্যালেন্টাইন মারা যান। এর পর থেকে বেসকে বিশ্বের প্রবীণতম ব্যক্তি হিসেবে গণ্য করা হচ্ছিল।গিনেস রেকর্ডসের একজন কর্মকর্তা বলেন, বেসের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের আইওয়ার জনস্টনের ১১৫ বছর বয়সী নারী দিনা ম্যানফ্রেদিনিই প্রবীণতম ব্যক্তি।