বিশ্বের যেকোনো স্থান থেকে এসএমএসে সুন্দরবনকে ভোট দেওয়া যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের চূড়ান্ত পর্বে থাকা ২৮টি স্থানের মধ্যে পছন্দের স্থানকে এখন পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ভোট দেওয়া যাবে। গতকাল বুধবার থেকে এই আন্তর্জাতিক এসএমএস ভোট চালু করেছে নির্বাচন প্রক্রিয়ার আয়োজক কর্তৃপক্ষ সুইজারল্যান্ডভিত্তিক নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর ফলে পৃথিবীর যেকোনো জায়গা থেকেই প্রবাসী বাংলাদেশিসহ যে কেউ মাত্র একটা এসএমএস করে সুন্দরবনকে ভোট দিতে পারবেন। এ জন্য মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে SUNDARBANS এরপর +২৪৮৯ ৮৮৮৮৮ নম্বরে তা পাঠিয়ে দিতে হবে। এই নম্বরটি জুরিখের। এ ক্ষেত্রে আন্তর্জাতিক এসএমএস চার্জ প্রযোজ্য হবে। এর পাশাপাশি যেসব দেশে স্থানীয় এসএমএসে ভোট দেওয়ার সুযোগ আছে সেসব দেশ থেকে স্থানীয় এসএমএসেও ভোট দেওয়া যাবে। বাংলাদেশ থেকে সুন্দরবনকে স্থানীয় এসএমএস খরচেই ভোট দেওয়ার সুযোগ আছে। গ্রিনিচ মান সময় (জিএমটি) কাল ১১ নভেম্বর বেলা ১১টা ১১ মিনিট (বাংলাদেশ সময় বিকেল পাঁচটা ১১ মিনিট) পর্যন্ত প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে ভোট দেওয়া যাবে।আন্তর্জাতিক এসএমএস চালু হওয়ার কারণে এখন সুন্দরবনকে ছয়টি উপায়ে ভোট দেওয়া যাবে। এক. আনুষ্ঠানিক ওয়েবসাইট থেকে: www.n7w.com বা www.new7wonders.com ঠিকানার ওয়েবসাইটে গিয়ে একটি ই-মেইল ঠিকানা থেকে একবার করে ভোট দেওয়া যাবে। দুই. ফেসবুক থেকে: www.facebook.com/new7wondersofnature পেইজ থেকে ভোট দেওয়ার সুবিধা আছে। তিন. বাংলাদেশ থেকে এসএমএস: মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে SB লিখে পাঠিয়ে দিতে হবে ১৬৩৩৩ নম্বরে। যত খুশি তত এসএমএস পাঠানো যাবে। প্রতিটিকেই একেকটি ভোট হিসেবে গণনা করা হবে। চার. যেকোনো দেশ থেকে এসএমএস: মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে SUNDARBANS এরপর +২৪৮৯ ৮৮৮৮৮ নম্বরে পাঠিয়ে দিতে হবে।পাঁচ. টেলিফোন ভোট: টেলিফোনে ভোট দিতে +১ ৮৬৯ ৭৬০ ৫৯৯০, +১ ৬৪৯ ৩৩৯ ৮০৮০, +৪৪ ৭৫৮ ৯০০ ১২৯০ এই তিনটি নম্বরের যেকোনো একটিতে কল করতে হবে। এরপর একটা বার্তা শোনা যাবে। তারপর একটা সংকেত বাজলে তখন ৭৭২৪ নম্বর চাপতে হবে সুন্দরবনের জন্য।ছয়. পার্সোনালাইজড ভোটিং সার্টিফিকেট: www.new7wonders.com/n7w-certificate ঠিকানায় গিয়ে পছন্দের স্থানকে ভোট দেওয়া যাবে। এ ক্ষেত্রে ভোট দেওয়ার একটি সনদপত্র পাওয়া যাবে। তবে এই সার্টিফিকেট ভোট দিতে খরচ হবে দুই ডলার করে।