বিশ্বের সবচেয়ে কম বয়সী মেয়র ফিরে গেলেন স্কুলে
বিশ্বের সবচেয়ে কম বয়সী মেয়র ফিলিস্তিনের বাসায়ের ওসমান। সম্প্রতি তিনি ইন্দোনেশিয়ার জাকার্তায় আইনপ্রণেতাদের সঙ্গে বিশেষ বৈঠক শেষে দেশে ফিরেছেন। বৈঠকে তিনি নগরজীবনের বিভিন্ন কাজে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে প্রকল্প হাতে নেওয়ার ওপর জোর দেন। তবে এ বৈঠকটিতে যোগ দিতে গিয়ে তিনি স্কুলের কয়েকটি ক্লাসে উপস্থিত থাকতে পারেননি। তাই দেশে ফিরে স্কুলে যাওয়ার তাড়া। কারণ? বয়স যে তাঁর মাত্র ১৫!বাসায়ের ওসমান গত দুই মাস ফিলিস্তিনের পশ্চিম তীরের ছোট শহর আল্লারের মেয়রের দায়িত্বে ছিলেন। শহরটির লোকসংখ্যা আট হাজারের কাছাকাছি। ফিলিস্তিনের ‘যুব ক্ষমতায়ন কর্মসূচির’ আওতায় বাসায়েরদের একটি দলকে দুই মাসের জন্য শহর চালানোর দায়িত্ব দেওয়া হয়। এ সময় মেয়র হিসেবে বাসায়ের নগরবাসীর সমস্যার কথা শোনেন, নথিপত্রে স্বাক্ষর করেন, প্রতিবেদন পড়ে দেখেন এবং সভা পরিচালনা করেন। তিনি প্রতিদিন শহরের কাজের তত্ত্বাবধানও করেন। দায়িত্বে থাকার সময় তিনি একটি দমকল বাহিনীর অফিস খোলেন, একটি নগর উদ্যান চালু করেন এবং পাথরের খনির দেখভাল করেন। কাতারের একটি দাপ্তরিক সফরে আল্লারের এক প্রতিনিধিদলের নেতৃত্বও দেন তিনি।দুই মাস আগে শহরের মেয়র সুফিয়ান শহীদ এবং তাঁর পরিষদ বাসায়ের ওসমানসহ ১১ জন তরুণের একটি দলের হাতে শহর পরিচালনার দায়িত্ব তুলে দেন। এ দলটির পাঁচজন সদস্যই ছিলেন নারী। দলটি শহর পরিষদের মতোই বিভিন্ন দায়িত্ব পালন করছিল। শুধু রাজস্বের দায়িত্ব ছাড়া তাঁরা সব দায়িত্ব পালন করেন।এই দুই মাসে শহীদ মাত্র একবার নগর ভবনে গিয়েছিলেন। ওসমান এবং তাঁর পরিষদের কোনো কিছু জানার আছে কি না, তা যাচাই করাই ছিল তাঁর উদ্দেশ্য। ওসমান বলেন, ‘বড়রা আমাদের জন্য এমন একটি জায়গা করে দিয়েছেন, যেটি আমাদের প্রয়োজন ছিল। অথচ, যখনই তাঁদের নির্দেশনা প্রয়োজন হয়েছে, তাঁরা সেটি দিয়েছেন।’ওসমানদের দলটি ছিল কার্যত ‘যুব পরিষদ’গুলোর অন্যতম। তরুণ ফিলিস্তিনিদের নেতৃত্বদানে প্রস্তুত করতে এ পরিষদগুলো গঠিত হয়েছে। সদস্যরা শহরের পরিচালনা পরিষদের সদস্যদের মতোই দায়িত্ব পালন করেন। পশ্চিম তীরে এ ধরনের ১৮টি যুব পরিষদ আছে। শহর পরিচালনায় সিদ্ধান্ত গ্রহণকারী ভূমিকা পালনের জন্য তাঁরা যুব ক্ষমতায়নের কাজ করছেন। এসব পরিষদের প্রথম নারী সভাপতি হলেন বাসায়ের ওসমান।তবে এখন ওসমান ফিরে গেছেন পুরোনো জীবনযাপনে। তিনি এখন বাড়ির কাজ, বন্ধুদের সঙ্গে দেখা করা আর অবসরে কম্পিউটারে গেম খেলা নিয়ে ব্যস্ত। তবে তিনি কূটনৈতিক বা জননেতা হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চান। তিনি জানেন, স্কুল পেরোতে খুব বেশি দিন নেই। কলেজে তিনি আন্তর্জাতিক সম্পর্ক এবং সামাজিক উন্নয়ন বিষয়ে পড়াশোনা করতে আগ্রহী। তবে ওসমান বলেন, সব সময়ই তিনি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার পক্ষে। আল জাজিরা অনলাইন।