বিশ্বের সবচেয়ে প্রবীণ পুরুষের মৃত্যু
বিশ্বের সবচেয়ে প্রবীণ পুরুষ ওয়াল্টার ব্রিউনিং গতকাল বৃহস্পতিবার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ১১৪ বছর। তিনি বয়স্ক ব্যক্তি হিসেবে বিশ্বে দ্বিতীয় ছিলেন। বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হচ্ছেন জর্জিয়ার বেসে কুপার। ওয়াল্টার কুপারের চেয়ে ব্রিউনিং বয়সে ২৬ দিনের ছোট ছিলেন।ওয়াল্টার ব্রিউনিং শেষের দিনগুলোয় যে বৃদ্ধাশ্রমে থাকতেন সেটির মুখপাত্র স্ট্যাসি কিরবি জানিয়েছেন, মনটানা হাসপাতালে স্বাভাবিকভাবেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসুস্থতার কারণে চলতি মাসেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে অসুস্থতার কারণ জানা যায়নি।একটি বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাত্কারে ওয়াল্টার ব্রিউনিং বলেছিলেন, তিনি দিনে দুবার আহার করেন এবং যতটা সম্ভব কাজ করেন। তিনি আরও বলেছিলেন, ‘আমরা সবাই একদিন মারা যাব। কিছু মানুষ আছে যারা মৃত্যুকে ভয় পায়। মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নেই কারণ আমরা মরার জন্যই জন্মেছি।’ওয়াল্টার ব্রিউনিং ১৮৯৬ সালের ২১ সেপ্টেম্বর মিনেসোটায় জন্মগ্রহণ করেন। তাঁর ছোটবেলা কাটে দক্ষিণ ডাকোটাতে। গত শতকের প্রথম দিকে তাঁদের বাড়িতে বিদ্যুত্ ও পানি ছিল না। ছোট ওয়াল্টারকে গোসল করানোর জন্য তাঁর মাকে বাইরে থেকে পানি আনতে হতো। পুরো জীবনে তিনি কঠোর পরিশ্রম করেন। ওয়াল্টার ৫০ বছর বয়সে অফিসের সহকারী অ্যাগনে টোকিকে বিয়ে করেন এবং বিমানে চড়ে ঘুরতে যান। সারা জীবনে ওই একবারই তিনি বিমানে চড়েন।