বিশ্বের সবচেয়ে বিচিত্র তথ্য ভান্ডার ২০১৩ সালেই!
ইন্টারনেটের যুগে মানুষের তথ্যের চাহিদা বেড়েছে বহু গুণে। একই সঙ্গে জটিল সমস্যার সমাধান ও সূক্ষ্ম বিচার-বিশ্লেষণের জন্য অনেক বিচিত্র ও দ্রুতগতির তথ্য প্রয়োজন হচ্ছে। কেউ হয়তো খুঁজছেন, বিশ্বের কোন লেখকেরা ২০ বছর বয়সের মধ্যে লেখা শুরু করে এক লাখ টাকার বেশি আয় করেছেন। আবার কেউ হয়তো চাইছেন, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মধ্যে কোন দেশে পোলিও রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বেশি। এসব তথ্য খুঁজে পেতে ইন্টারনেটের যুগেও গলদঘর্ম হতে হয়। তবে সমস্যার সমাধান হয়তো খুব দূরে নয়। আগামী এক বছরের মধ্যেই তৈরি হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বিচিত্র ও বিশাল তথ্য ভান্ডার।জার্মানিতে উইকিপিডিয়ার জন্য কাজ করেন, এমন একদল উত্সাহী মানুষ তৈরি করছেন এ তথ্য ভান্ডারটি। শুধু ‘সার্চ’ করে তথ্য খুঁজে বের করতে হবে। প্রস্তুতকারকেরা ধারণা করছেন, এই তথ্য ভান্ডার পাল্টে দেবে মানুষের তথ্য খোঁজার ধরন, বদলে দেবে পুরো পৃথিবী।দ্য হিন্দুতে প্রকাশিত খবরে আজ শনিবার জানানো হয়, ‘উইকিডেটা’ নামের এই তথ্য ভান্ডারটি নির্মাণের কাজ এখনো প্রাথমিক অবস্থায়। এর জন্য কাজ করছেন উইকিমিডিয়া ডয়েচল্যান্ডের কয়েকজন বেতনভোগী কর্মচারী। সামাজিকভাবে সম্পাদিত হবে এমন তথ্য ভান্ডারটির জন্য কর্মচারীরা অগণিত প্রযুক্তিগত দিক ও অন্য বিষয়াদি খতিয়ে দেখছেন। এ বিষয়ে অগ্রগতি নিয়ে আলোচনা করতে, গতকাল শুক্রবার উইকিমিডিয়া ২০১২-এর প্যানেল একটি সভার আয়োজন করে। সংগ্রহ করা তথ্য কত উপায়ে ব্যবহার করা যেতে পারে, সে বিষয়েও আলোচনা হয়।উইকিডেটা বিষয়ে উইকিমিডিয়া ডয়েচল্যান্ডের প্রধান নির্বাহী পাভেল রিকচার প্রচারমাধ্যমকে বলেন, ‘ধারণাটা খুবই সাদামাটা। এটাকে বলা যায় তথ্যের উইকিপিডিয়া।’ তিনি আরও বলেন, ‘অনুমতির অভাবে বা প্রযুক্তিগত জটিলতার কারণে যেসব তথ্য একসময় সহজলভ্য ছিল না, তা-ও আজকাল পাওয়া যাচ্ছে। আমরা জানি না এই সহজলভ্যতা জগেক কীভাবে পাল্টাবে, তবে এটুকু নিশ্চিত কোনো না কোনোভাবে পরিবর্তনটা ঘটবেই।’ব্যবহারকারীরা উইকিডেটার মাধ্যমে যেকোনো ধরনের তথ্য খুঁজে বের করতে পারবেন। তা জুতোর আকার, বন্ড চুল বা মারদাঙ্গা ছবির তারকা-বিষয়ক কোনো ব্যাপার থেকে শুরু করে বর্ণনা করা যায় এমন সব কিছুর তথ্য থাকবে এই ভান্ডারে।উইকিডেটার প্রকল্প ব্যবস্থাপক ডেনি ভ্রানদেচিক বলেন, ‘তথ্য হলো সংখ্যার চেয়ে বেশি কিছু। কিছু বস্তুর মধ্যে যোগাযোগ কাঠামো হলো তথ্য। যখন আপনি মজার কিছু নিয়ে ভাববেন এবং খোঁজার চেষ্টা করবেন প্রত্যেকটি বস্তু কীভাবে একে অপরের সঙ্গে সম্পর্কিত, তখনই তা তথ্য।’ভ্রানদেচিক বলেন, উইকিপিডিয়ার মতো উইকিডেটাতেও তথ্য সরবরাহ করবেন ব্যবহারকারীরা। এরপর স্বেচ্ছাসেবী সম্পাদকেরা তা নিরীক্ষা করে তথ্য ভান্ডারে সংযোজন করবেন।সবগুলো উইকি প্রকল্পের জন্য অবধারিত এক প্রশ্ন হলো, তথ্যগুলো কতটুকু নির্ভরযোগ্য। উইকিডেটার জন্যও এর ব্যতিক্রম হয়নি। তাই সব ধরনের সন্দেহ এড়াতে করণীয় কাজের লম্বা এক তালিকাও তৈরি করছেন স্বেচ্ছাসেবীরা। এ জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তাঁরা। ভ্রানদেচিক বলেন, তাঁদের এই প্রকল্পটির যাত্রা শুরু করার কথা ২০১৩ সালে। তবে সবকিছু নির্ভর করছে কী পরিমাণ ইন্টারনেট ব্যবহারকারী কত বেশি তথ্য নিয়ে সাহায্য করতে এগিয়ে আসছেন তার ওপরে।