বিশ্বের সবচেয়ে বেঁটে মানুষটি মারা গেলেন ২১ বছর বয়সে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে বেঁটে মানুষ হি পিংপিং মাত্র ২১ বছর বয়সে মারা গেছেন। তাঁর উচ্চতা ছিল ৭৪ সেন্টিমিটার (দুই ফুট পাঁচ ইঞ্চি)।চীনের উলানচাবুতে ১৯৮৮ সালে তিনি জন্ম নেন। ২০০৮ সালে তাঁকে পৃথিবীর সবচেয়ে বেঁটে মানুষের স্বীকৃতি দেওয়া হয়।গিনেস ওয়ার্ল্ড রেকর্ড জানায়, পিংপিং ‘বিশ্বব্যাপী ব্যাপক সাড়া জাগান। ইউরোপ্রডিওজিয়োনে টেলিভিশন কোম্পানির ‘দ্য রেকর্ড শো’ নামে একটি অনুষ্ঠানে অংশ নিতে পিংপিং ইতালির রাজধানী রোমে গিয়েছিলেন। অনুষ্ঠানের দুটি পর্বের কাজ শেষ করার পর তিনি বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই সপ্তাহ চিকিত্সা শেষে গত রোববার বিকেলে তিনি মারা যান। পিংপিংয়ের পরিবারের অনুরোধে তাঁর লাশ চীনে ফেরত পাঠানো হয়েছে।ইউরোপ্রডিওজিয়োনের যোগাযোগবিষয়ক পরিচালক মার্কো ফার্নান্দেজ দ্য আরাওজ বলেন, ‘তিনি কিছুটা অসুস্থ বোধ করলে তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতালে দুই সপ্তাহ থাকাকালে তাঁর স্বাস্থ্যের সব ধরনের পরীক্ষা করা হয়। হাসপাতালে ভর্তির তিন দিন পর থেকেই তাঁকে রাখা হয় নিবিড় পর্যবেক্ষণে।’ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের প্রধান সম্পাদক ক্রেইগ গ্লেনডি বলেন, ‘তাঁকে প্রথম দেখেই বুঝতে পেরেছিলাম যে তিনি একজন বিশেষ ব্যক্তি। তাঁর মুখে সব সময় আমুদে হাসি লেগে থাকত আর ছিল এমন দুষ্টুমির ভাব যে তাঁকে ভালো না বাসা ছিল অসম্ভব।’