বিষ প্রয়োগে মাছ ধরার অভিযোগে গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালে কীটনাশক প্রয়োগ করে মাছ ধরার সময় চারজনকে গ্রেপ্তার করেছেন চাঁদপাই রেঞ্জের জোংড়া ক্যাম্পের বনকর্মীরা। গতকাল বুধবার সন্ধ্যায় বাগেরহাটের পূর্ব সুন্দরবনের ঝাপসী ভারানী খাল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন খুলনা জেলার দাকোপ উপজেলার ঢাংমারী গ্রামের মো. হাকিম ঢালি (৪৫), একই উপজেলার কালাবগী গ্রামের মো. ইব্রাহিম শেখ (৩০), রবিউল ইসলাম (২০) ও রেখামারী গ্রামের আরজান শেখ (৪০)।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমারি দে জানান, গ্রেপ্তার চারজনই সুন্দরবন-সংলগ্ন এলাকার বাসিন্দা। তাঁরা বন বিভাগের বৈধ অনুমতি না নিয়েই সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলেন। ঝাপসী ভারানী খালে কীটনাশক ছিটিয়ে মাছ ধরার সময় জোংড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার নয়ন মিস্ত্রির নেতৃত্বে একদল বনকর্মী তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে প্রায় তিন কেজি চিংড়িমাছ, নৌকা, জাল ও ‘ফাইটার’ নামের আধা শিশি কীটনাশক উদ্ধার করা হয়।এ ঘটনায় ফরেস্টার নয়ন মিস্ত্রি সরাসরি আদালতে মামলা করেন। আজ সকালে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।