বিষক্রিয়ায় মিনার মাহমুদের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশির দশকের আলোচিত সাপ্তাহিক পত্রিকা বিচিন্তার সম্পাদক মিনার মাহমুদের মৃত্যু বিষক্রিয়ায় হতে পারে। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন। সোহেল মাহমুদ বলেন, মিনার মাহমুদের হাতের নখে পাউডার জাতীয় বস্তু এবং পাকস্থলীতে তরল সাদা পদার্থ পাওয়া গেছে। এগুলো সংরক্ষণ করে মহাখালীতে রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হবে। এ ছাড়া পাকস্থলী, কিডনি ও লিভারের কিছু অংশ পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি নিশ্চিত আঘাতজনিত কারণে তাঁর মৃত্যু হয়নি। বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হতে পারে।’ গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশ রাজধানীর একটি হোটেল থেকে মিনার মাহমুদের লাশ উদ্ধার করে। তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তাঁর লাশ উদ্ধার করে গত রাত দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। আজ বেলা সাড়ে ১১টার দিকে তাঁর ময়নাতদন্ত করা হয়।নিহতের ছোট ভাই মেহেদী হাসান জানান, মিনার মাহমুদের লাশ উত্তরা তিন নম্বর সেক্টরের বাসায় নেওয়া হবে। স্থানীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর উত্তরাতেই তাঁকে দাফন করা হবে। তবে এর আগে ফরিদপুরে গ্রামের বাড়িতে নেওয়া হতে পারে বলে তিনি জানান।মিনার মাহমুদের জন্ম ফরিদপুর শহরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের ছাত্র ছিলেন তিনি। গত শতকের আশির দশকের মাঝামাঝি সময়ে সাপ্তাহিক বিচিন্তায় লেখালেখির মধ্য দিয়ে তিনি সাংবাদিকতার জগতে পা রাখেন। সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদের আমলে ১৯৮৭ সালে মিনারের সম্পাদনায় প্রকাশিত হয় সাপ্তাহিক বিচিন্তা। পত্রিকাটি বেশ পাঠকপ্রিয়তা পায়। কিন্তু মিনার সামরিক শাসনবিরোধী লেখার কারণে ১৯৮৮ সালের জানুয়ারিতে গ্রেপ্তার হলে পত্রিকাটি বন্ধ হয়ে যায়।১৯৯০ সালে গণ-অভ্যুত্থানে এরশাদ সরকারের পতন হলে ১৯৯১ সালে আবারও প্রকাশিত হয় বিচিন্তা। তবে সে বছরই এর প্রকাশনা বন্ধ করে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্র চলে যান মিনার মাহমুদ। দীর্ঘ ১৮ বছর পর ২০০৯ সালে তিনি দেশে ফেরেন। গত বছরের মার্চ মাসে ঢাকার অ্যাপোলো হাসপাতালে তাঁর মস্তিষ্কে একটি বড় ধরনের অস্ত্রোপচার হয়।