বিষণ্নতার জন্য ছুটি নেন শতকরা ১০ জন!
সম্প্রতি ইউরোপের সাতটি দেশের ৭ হাজার ব্যক্তির মধ্যে চালানো এক জরিপে দেখা গেছে- কেবলমাত্র বিষণ্নতার কারণেই কাজ থেকে ছুটি নেন শতকরা ১০ জন। খবর বিবিসির।ইউরোপিয়ান ডিপ্রেশন অ্যাসোসিয়েশনের পক্ষে (ইডিএ) যুক্তরাজ্যের বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান এমওআরআই জরিপটি চালিয়েছিল যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, ডেনমার্ক, তুরস্ক, স্পেন এবং ফ্রান্স, এই সাতটি দেশে। জরিপে দেখা গেছে, বিষণ্নতার কারণে কাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার হার যুক্তরাজ্য, ডেনমার্ক আর জার্মানিতেই বেশি। জরিপে অংশ নেওয়া ৭ হাজার ব্যক্তির ২০ শতাংশই জানিয়েছেন বিষণ্নতায় চিকিত্সকের শরণাপন্ন হয়ে ভালো ফল পাওয়া যায়। যুক্তরাজ্যের বিশেষজ্ঞরাও বলছেন, বিষণ্নতায় ভোগা ব্যক্তিদের ক্ষেত্রে চিকিত্সার সুবিধা বর্তমানে উন্নত হয়েছে।জরিপে দেখা গেছে, বিষণ্নতায় ভুগছেন এমন কর্মীদের ক্ষেত্রে জার্মানিতে শতকরা ৬১ শতাংশ, ডেনমার্কে ৬০ শতাংশ, যুক্তরাজ্যে ৫৮ শতাংশ ও তুরস্কে ২৫ শতাংশ কাজ ছেড়ে ছুটিতে যান।২০১০ সালের এক গবেষণায় গবেষকরা জানিয়েছিলেন, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে কেবল বিষণ্নতাজনিত ছুটি নেওয়ার কারণে এক বছরে ৭৩ বিলিয়ন পাউন্ডের সমপরিমাণ উত্পাদন ব্যাহত হয়েছিল। বিষণ্নতার কারণে গড়ে ৩৬ দিন করে ছুটি কাটিয়েছিলেন ভুক্তভোগীরা।সাম্প্রতিক গবেষণায় জরিপে অংশগ্রহণকারীদের শতকরা ২৫ শতাংশ জানিয়েছেন বিষণ্নতায় ভুগলেও তাঁরা ঊর্ধ্বতনদের বিষয়টি জানান না। শতকরা ৩০ শতাংশের ধারণা এ বিষণ্নতার কথা উর্ধ্বতনদের জানালে তাঁদের চাকরি চলে যেতে পারে।কর্মক্ষেত্রে বিষণ্নতার ভুক্তভোগীদের প্রসঙ্গে ইউরোপিয়ান ডিপ্রেশন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ভিনসেনজো কস্টিজিওলা জানিয়েছেন, সাম্প্রতিক এ জরিপে প্রমাণ হয়েছে- কর্মক্ষেত্রে অবশ্যই বিষণ্নতা দূর করার উপযোগী পরিবেশ থাকতে হবে। এ বিষয়ে সচেতনতা এবং কর্মীদের ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য অবশ্যই জরুরি।