বিষধর সাপ মারতে না পারলে আবার ছোবল দেবে
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘সরকার বিষধর সাপের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আমরা যদি সাপটি মারতে না পারি, তাহলে এটি আবার ছোবল দেবে। দয়া করে ট্রাইব্যুনালের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। ট্রাইব্যুনালের কাজ নিয়ে হতাশ হবেন না।’আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক আলোচনা সভায় মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ সম্পর্কে কামরুল ইসলাম এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেখ রাসেল শিশু সংসদ এই আলোচনা সভার আয়োজন করে। কামরুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালে বিচারকাজ নিজস্ব গতিতে এগিয়ে চলেছে। এই ট্রাইব্যুনালের বিচারকাজ নিয়ে অপ্রয়োজনীয় কোনো মন্তব্য করতে চান না তিনি। আইন প্রতিমন্ত্রী সবার প্রতি অনুরোধ জানান, ট্রাইব্যুনালের বিচারকাজ নিয়ে এমন কোনো মন্তব্য করবেন না যাতে করে মানুষের মনে কোনো রকম সন্দেহ তৈরি হয়। তিনি জোর দিয়ে বলেন, সন্দেহভাজন পাঁচ থেকে ছয়জন যুদ্ধাপরাধীর বিচারকাজ আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে। ইউএনবি।