বিষপানে মা ও সন্তানের আত্মহত্যা
চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে আজ সোমবার সকালে বিষপানে মা ও সন্তান আত্মহত্যা করেছে।পুলিশ মা বদরুন নাহার (২৫) ও সন্তান সেফার (৩ বছর) লাশ উদ্ধার করেছে।বদরুন নাহারের স্বামী শহীদ বেপারী চাঁদপুরের পুরানবাজার এলাকায় ব্যবসা করেন। স্ত্রী ও সন্তানের মৃত্যুর পর তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।পুলিশ জানায়, সকাল সাতটায় শহীদ বেপারীর স্ত্রী বদরুন নাহার প্রথমে সন্তানকে বিষ পান করান এবং পরে নিজে বিষপান করেন। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কুমিল্লা নেওয়ার সময় দুজনেরই মৃত্যু হয়।বদরুন নাহারের জা পারভীন বেগম (৩০) বলেন, ‘কী কারণে মা ও সন্তান বিষপানে আত্মহত্যা করেছে, সে সম্পর্কে আমরা কিছুই জানি না। পারিবারিক তেমন কোনো সমস্যাও ছিল না।’চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মামুন খন্দকার বলেন, পুলিশ বদরুন নাহারের ঘর থেকে জমিতে দেওয়ার কীটনাশকের একটি বোতল উদ্ধার করেছে। কী কারণে মা ও সন্তান বিষপানে আত্মহত্যা করেছে, সে সম্পর্কে কিছুই বুঝা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।