বিষফোড়া চন্দ্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরবঙ্গের ১১৭টি রুটের বাস কাউন্টার আছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর কালিয়াকৈরের চন্দ্রায়। কিন্তু নেই কোনো টার্মিনাল। ফলাফল নিত্য যানজট। প্রতি ঈদেই উত্তরবঙ্গের মানুষের বাড়ি যাওয়ার কষ্ট বাড়ায় ‘চন্দ্রা মোড়’। ঢাকা থেকে চন্দ্রা ৪০ কিলোমিটার রাস্তা পার হতেই সময় লাগে সাত থেকে আট ঘণ্টা। পরিবহন মালিক ও কর্মকর্তারা বলছেন, ঢাকার আমিনবাজার থেকে চন্দ্রা পর্যন্ত রাস্তা পরিষ্কার থাকলেই উত্তরবঙ্গ সড়কে যানজট থাকবে না। পুলিশও জানিয়েছে চন্দ্রাকে যানজটমুক্ত করতে এবার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ঢাকার আশুলিয়া, গাজীপুরের কালিয়াকৈর প্রভৃতি এলাকায় প্রচুর কারখানা রয়েছে। এসব কারখানার উত্তরবঙ্গগামী কর্মকর্তা ও শ্রমিকেরা সাধারণত চন্দ্রা থেকেই বাসে ওঠেন। তাই উত্তরবঙ্গের প্রায় সব পরিবহন কোম্পানির কাউন্টার রয়েছে চন্দ্রায়। গাবতলী আন্তজেলা বাস টার্মিনালের পর একমাত্র চন্দ্রাতেই একসঙ্গে এত বাস কাউন্টার রয়েছে। কিন্তু এখানে কোনো টার্মিনাল নেই, বাস দাঁড়ানোর কোনো জায়গা নেই। ফলে রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তোলা হয়। এখান থেকেই শুরু হয় যানজটের সমস্যা। তাই প্রতি ঈদেই চন্দা পার হতে অস্বাভাবিক সময় লাগে।চন্দ্রা ছাড়াও ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের সাভার, নবীনগর, বাইপাইল, ইপিজেড—এ রাস্তার ওপর আরও বেশ কিছু বাস কাউন্টার রয়েছে। এসব কাউন্টারের টিকিট ক্রেতারা রাস্তার ওপর দাঁড়ানো বাসেই ওঠেন। ফলে ঈদের ভিড়ের যানজট গুরুতর রূপ নেয়।চন্দ্রা ঠিক তো সব ঠিক: এস আর ট্রাভেলসের মহাব্যবস্থাপক আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, সবচেয়ে সমস্যা আমিনবাজার থেকে চন্দ্রা পর্যন্ত রাস্তা। গত বছর কোরবানি ঈদের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, এই ৩০ কিলোমিটার রাস্তা যেতেই সময় লেগে যায় সাত থেকে আট ঘণ্টা। চন্দ্রা নিয়ে একই কথা বললেন হানিফ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক আবদুস সামাদ মণ্ডল। তাঁর দাবি, শুধু চন্দ্রার কারণেই ঈদের সময় পরিবহন কোম্পানিগুলোর অনেক ক্ষতির হয়। প্রশাসন ইচ্ছে করলেই এ সমস্যা দূর করতে পারে।প্রস্তুতি: এ বিষয়ে হাইওয়ে পুলিশে প্রধান উপমহাপরিদর্শক (ডিআইজি) সোহরাব হোসেন প্রথম আলোকে জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়ের বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। চন্দ্রা ত্রিমোড়ে একটা বিশালাকারের রোড আইল্যান্ড বানিয়ে রেখেছে সড়ক ও জনপথ। এ কারণে রাস্তা অনেকখানি সংকুুচিত হয়ে পড়েছে। ওই রোড আইল্যান্ড ছোট করার জন্য সড়ক ও জনপথকে বলা হয়েছে। পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজির সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে। এ ছাড়া চন্দ্রা মোড়ে যেসব বাস কাউন্টার আছে, সেগুলো কিছুটা দূরে সরিয়ে দেওয়া হবে, যাতে রাস্তায় কোনো গাড়ি থামতে না পারে।হাইওয়ে পুলিশ প্রধান বলেন, এর বাইরে রাস্তার ওপর থেকে হাট-বাজার, বাসস্ট্যান্ড, টেম্পোস্ট্যান্ড ওঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। সাভারের রাস্তার ওপরের টেম্পোস্ট্যান্ড তুলে দেওয়া হচ্ছে। ডিআইজি বলেন, ‘আমিনবাজার থেকে চন্দ্রা রাস্তাটি পরিষ্কার রাখার জন্য আমরা চেষ্টা করছি। রাস্তায় যেন কোনো গাড়ি থামতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’ কালিয়াকৈরের পরিবহন শ্রমিক নেতা হুমায়ুন কবীর খান প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী চন্দ্রার যানজট নিরসনে কালিয়াকৈর বাজারের পুরোনো রাস্তা ও বাইপাস দুটি সড়কেই ঈদে একদিকে (একমুখী) যান চলবে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, ২৫ রোজার পর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং বাস কাউন্টারগুলো সরিয়ে নেওয়া হবে।