বিষম বাঁশি ভুভুজেলা
ভুভুজেলা! বিশ্বকাপের এ পর্যন্ত তিন দিনে এককভাবে দেখলে এত বেশি আলোচনা আর কোনো বিষয় নিয়ে হয়েছে কি? আর শুধু পথে-ঘাটে, অফিসে বা বসার ঘরে নয়; বিতর্ক চলছে ইউটিউব, ফেসবুকের মতো ইন্টারনেটভিত্তিক আরও কিছু ফোরামেও। স্বাগতিক দলের সমর্থকদের জন্য গায়ে জাতীয় দলের পোশাক চড়ানো বা মুখে জাতীয় পতাকা আঁকার মতোই অবশ্যকরণীয় হয়ে উঠেছে সঙ্গে ভুভুজেলা রাখা। পাক্কা ৮০ হাজার ভুভুজেলা কখনো না কখনো বেজে চলেছে ফুল ভলিউমে। একসঙ্গে বাজলে ওই শব্দকে মনে হতে পারে খেপে ওঠা বিশাল একঝাঁক মৌমাছির গুঞ্জনের মতো। তবে একটি পত্রিকা যে তুলনা দিয়েছে, ভুভুজেলা-বিরোধীদের হয়তো সেটাই পছন্দ হবে বেশি। পত্রিকাটির মতে, যন্ত্রণাক্লিষ্ট হাতির আর্তনাদের মতোই শোনায় ওই বিষম বাঁশির আওয়াজ।বিশ্বকাপের প্রথম তিন দিনে ভুভুজেলার দৌরাত্ম্য ছিল দেখার মতো। শুধু গ্যালারি নয়, হোটেল লবি, দোকানপাট, রাস্তাঘাট সর্বত্র ফুট-তিনেক লম্বা এ বাঁশির কান ফাটানো শব্দে ঝালাপালা।জোহানেসবার্গে কেনাকাটা করছিলেন স্থানীয় যুবক সাজি এমলোয়াতিকা। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বললেন, ‘আমরা এ আওয়াজে অভ্যস্ত। ভুভুজেলা ছাড়া খেলা উপভোগ করাই সম্ভব না। বলতে পারেন ভুভুজেলা নেই তো খেলাও নেই।’সাজি এ প্রসঙ্গে দিলেন অন্য দেশের ফুটবল দর্শকদের তুলনাও। বললেন, ‘তারা যেমন খেলার শুরু থেকে শেষ পর্যন্ত গান গেয়ে চলে, আমরাও তেমনি বাঁশি বাজাই। এটা আমাদের ঐতিহ্য।’কিন্তু বংশীবাদকেরা পক্ষে যত যা-ই বলুক, ভুভুজেলার অত্যাচারে অনেকেই অতিষ্ঠ। এ সুযোগ নিতে বাজারে বেরিয়ে গেছে আওয়াজ ঠেকানোর যন্ত্র। ‘ভুভু স্টপ’ নামের কানের প্লাগটি বিক্রিও হচ্ছে ব্যাপক। কেপটাউনের এক দোকানি বললেন, ‘ভুভু স্টপ’ বেচে কুলাতে পারছেন না তিনি। এর প্যাকেটের পেছনে লেখাটাও মজার: ‘শব্দ কমাতে অতি কার্যকর। ব্যবহার: ফুটবল বা রাগবি মাঠে কিংবা টিভির পোকাদের বউদের ঘ্যানঘ্যানানি থেকে রেহাই দিতে।’শ্রবণস্বাস্থ্য নিয়ে কাজ করা একটি সংগঠনের তথ্যমতে, পুরো শক্তিতে কারও কানে চেপে বাজালে ভুভুজেলার শব্দের মাত্রা ১২৭ ডেসিবেল, যা চেইন স-এর শব্দের মাত্রার চেয়েও বেশি। বহনযোগ্য এই বৈদ্যুতিক করাতের উৎপন্ন শব্দের মাত্রা ১০০ ডেসিবেল। সমীক্ষায় দেখা গেছে, ঠান্ডা আর ফ্লুর জীবাণুও ছড়ায় এ বাঁশি।বিদেশি খেলোয়াড়দের অনেকে ভুভুজেলা নিষিদ্ধ করার তদবির করেছেন। তাঁদের অভিযোগ, খেলার সময় মনোযোগে বিঘ্ন ঘটায় এর আওয়াজ।অনলাইনেও অনেকে রাগ ঝাড়ছে ভুভুজেলার ওপর। এ বাঁশি নিয়ে ইউটিউবের এক ভিডিও দেখেছেন আড়াই লাখ লোক। নেতিবাচক মন্তব্য করেছে তাদের অনেকেই। ফেসবুকেও ভুভুজেলামুক্ত বিশ্বকাপের দাবিতে সোচ্চার লোকের সংখ্যা কম নয়। এমনকি ব্যানভুভুজেলাডটকম নামের একটি ওয়েবসাইটও চালু হয়ে গেছে যারা এর পক্ষে-বিপক্ষে ভোট নিচ্ছে। গতকাল দুপুর পর্যন্ত এতে বিপক্ষে ভোট পড়েছে ৩৬ হাজার ৯৮৫ আর পক্ষে ৬ হাজার ৭৫৩।ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারের মতে, বেশ তো, মন্দ কী এই ভুভুজেলা! আফ্রিকার এই ঐতিহ্যটি বন্ধ করতে বললে এক ধরনের বৈষম্যই হবে। কিন্তু চারপাশ থেকে এমন হাজারো অভিযোগ আর কাঁহাতক সহ্য করা যায়! শেষতক বিশ্বকাপ আয়োজক কমিটির চেয়ারম্যান ড্যানি জর্ডান কাল জানিয়েছেন, গ্যালারিতে ভুভুজেলা বন্ধ করার ব্যাপারটি তাঁদের বিবেচনার মধ্যে আছে। জর্ডান বলেছেন, ‘স্টেডিয়ামে জাতীয় সংগীত এবং ঘোষকের কথা বলার সময় যেন ভুভুজেলা না বাজে, এ ব্যাপারে বলা হয়েছিল আমাদের। তা ছাড়া সম্প্রচার প্রতিষ্ঠানগুলো থেকেও বেশ অভিযোগ আসছে। এটা কঠিন, কিন্তু আমরা ভুভুজেলা-সমস্যা সমাধানের যথাসাধ্য চেষ্টা করছি।’ ওয়েবসাইট, এএফপি।