বিষমুক্ত সবজি চাষ
মাঠ ভরা সবজিখেত, এর মধ্যে কয়েকজন চাষি যাঁর যাঁর জমিতে কাজ করছেন। জমির মধ্যে দুটি লাঠি দিয়ে প্লাস্টিকের একটি কৌটায় করে কী যেন লাগানো হচ্ছে। কৌতূহলবশত গিয়ে জানা গেল, এই চাষিরা পোকা দমন করতে ফাঁদ তৈরি করছেন। এই ফাঁদের উদ্যোক্তা বগুড়া সরকারি আযিযুল হক কলেজের এক ছাত্র। বিষমুক্ত সবজি চাষে এই যুবক এখন মডেল বলে চাষিরা জানিয়েছেন। এসব বিষমুক্ত সবজি চাষ হচ্ছে বগুড়ার শেরপুর ও ধুনট উপজেলা এলাকায়। দিনে দিনে বিষমুক্ত সবজি চাষের প্রসার বাড়ছে।ধান বা সবজিখেতের পোকা দমনে চাষিরা বিষ প্রয়োগ করেন। সেই বিষের কারণে কখনো পোকা মরছে, আবার কখনো মরছে না। চাষিরা যুগ যুগ ধরে ফসলের জমিতে এভাবেই বিষ প্রয়োগ করছেন। সেই বিষযুক্ত সবজি বা ধান সাধারণ মানুষ কিনে খাচ্ছে। এ বিষয়টি বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামের এক কলেজপড়ুয়া ছাত্রের মনে দাগ কাটে। গ্রামের চাষি সাইফুল ইসলামের ছেলে মামুনুর রশিদ (২৩)।মামুন সরকারি আযিযুল হক কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপশি বাবার কৃষিকাজও দেখাশোনা করেন। তাঁর মনে উদয় হয়, কীভাবে বিষমুক্ত সবজি চাষ করা যায়। এসব চিন্তা করতে করতে তিনি কৃষি বিভাগ থেকে জানতে পারেন, বিষমুক্ত সবজি চাষ করা সম্ভব। কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ শুরু করেন।মামুনুর রশিদ জানান, সেই ২০০৫ সালের কথা। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীন বগুড়ার শেরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগে গিয়ে বিষমুক্ত উপায়ে সবজি চাষের ওপর বিশেষ প্রশিক্ষণ নেন। এরপর মামুন ও তাঁর পরিবার বিষমুক্ত সবজি চাষে নেমে পড়েন। মামুনের বাবার প্রায় ২৫ বিঘা জমি রয়েছে। এই জমির মধ্যে পাঁচ-ছয় বিঘা জমিতে বিষমুক্ত সবজি চাষ শুরু করেন। পরীক্ষামূলকভাবে কিছু জমিতে ধান, দেড় বিঘা জমিতে বেগুন, এক বিঘা করে দুই বিঘা জমিতে লাউ ও করলা এবং এক বিঘা জমিতে মরিচের চাষ করেন। এতে করে মামুন আশাতীত ফলন পান।ভাটরা গ্রামে সরেজমিন গিয়ে জানা গেছে, ভাটরা গ্রামের সাইফুল ইসলামের ছেলে মামুনুর রশিদ। তাঁরা তিন ভাই। বড় ভাই ফরিদুল ইসলাম বগুড়া সরকারি আযিযুল হক কলেজ থেকে সবেমাত্র সমাজবিজ্ঞানে মাস্টার্স পাস করেছেন। চাকরি না পেয়ে এখন ছোট ভাইয়ের সঙ্গে বিষমুক্ত সবজি চাষ করছেন। মেজো ভাই সোহেল রেজা ও মামুন সরকারি আযিযুল হক কলেজে সমাজকর্ম নিয়ে অনার্স করছেন। মামুন জানান, তাঁদের যে ২৫ বিঘা জমি রয়েছে, এর বেশির ভাগ জমিতে ধান চাষ করা হতো। যখন থেকে বিষমুক্ত সবজি চাষের প্রশিক্ষণ নেওয়া হয়, তখন থেকে সবজি চাষ করা হচ্ছে।মামুন তাঁর বেগুনখেতে নিয়ে গিয়ে দেখিয়ে দিলেন কীভাবে বিষমুক্ত সবজি চাষ হচ্ছে। বেগুনক্ষেতের মধ্যে বেশ কটি সারিবদ্ধ খুঁটি দেওয়া হয়েছে। এই খুঁটির সঙ্গে প্লাস্টিকের কৌটা বসানো হয়েছে। কৌটাগুলোর মাঝখানে ত্রিকোনা করে কাটা রয়েছে। কৌটার এক পাশে ছিদ্র। কৌটার নিচের অংশে সাবানপানি। কৌটায় রাখা সেক্স ফেরোমন থেকে স্ত্রী পোকার সঙ্গে মিলিত হওয়ার আগমুহূর্তে বিশেষ গন্ধ বের হয়। এতে পুরুষ পোকা কৌটার সেই ছিদ্র দিয়ে ভেতরে প্রবেশ করে পানিতে ডুবে মারা যায়। তখন স্ত্রী পোকা আর ডিম দিতে পারে না। এভাবেই বিষ ছাড়াই সবজি চাষ করা হচ্ছে।মামুন জানান, কুমড়াজাতীয় ফসলে সেক্স ফেরোমন টোপ প্রায় ছয় মাস অর্থাৎ ফসল ওঠার আগ পর্যন্ত ব্যবহার করা যায়। একইভাবে বেগুনের খেতে তিন মাস পর্যন্ত এই প্রযুক্তি রাখা যায়। চাষিরা প্রতি বিঘা জমিতে হাজার হাজার টাকার কীটনাশক ব্যবহার করে ফসল উৎপাদন করছেন। অথচ এই পদ্ধতি ব্যবহার করলে চাষির অনেক টাকা যেমন সাশ্রয় হবে, অন্যদিকে মানুষ বিষমুক্ত সবজি খেতে পারবে। এই পদ্ধতি বগুড়ার শেরপুর উপজেলা ছাড়াও পাশের ধুনট উপজেলার বিভিন্ন স্থানে ব্যবহার করা হচ্ছে।ভাটরা গ্রামের চাষি লুৎফর রহমান বলেন, ‘জমিত এতই বিষ দেওয়া আগে লাগিছে, আর এখন বিষ ছাড়াই ফসল করবার পারছি। হামাগোরে ট্যাকাও কম লাগিচ্ছে। ইংকা করে ফসল করলি বেশি ফসল হচ্ছে।’ একই গ্রামের আমিনুল ইসলাম জানান, এই পদ্ধতিতে দুই বছর ধরে ছয় বিঘা জমিতে বিষমুক্ত সবজি চাষ করে ভালো ফলন পাওয়া গেছে। এই ছয় বিঘা জমিতে বেগুন চাষ করা হয়েছে।মামুনুর রশিদ জানান, তিনিসহ এই এলাকার ৫০ ভাগ চাষি বিষমুক্ত সবজি চাষে ঝুঁকে পড়েছেন। দুঃখ একটাই, এই বিষমুক্ত সবজি বাজারে গিয়ে বিষযুক্ত সবজির সঙ্গে মিশে যাচ্ছে। এই বিষমুক্ত সবজি যদি সরকার কেনার ব্যবস্থা করত তাহলে মানুষ বিষমুক্ত সবজি আলাদা করে নিতে পারত।শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তাঁর দপ্তর থেকে সর্বপ্রথম বিষমুক্ত সবজি চাষ করার একটি প্রকল্প নেওয়া হয়। এ প্রকল্পের শুরুতেই কলেজপড়ুয়া ছাত্র মামুনুর রশিদ এখান থেকে প্রশিক্ষণ নিয়েছেন। তাঁর কারণেই খানপুরসহ আশপাশের গ্রামে বিষমুক্ত সবজি চাষের প্রসার লাভ করেছে। বিষমুক্ত সবজি চাষে মামুন একটি মডেল হিসেবে দাঁড়িয়ে গেছে।