বিষমুক্ত সবজি চাষে দেলোয়ারার সাফল্য
একসময় সংসারে অভাব ছিল। স্বামী নদীতে সারা দিন ছোট নৌকা নিয়ে বালু তোলার কাজ করতেন। বিকেলে সেই বালু বিক্রি করে যা পেতেন তা দিয়ে কোনো রকমে দিন চলত তাঁদের। সেই দিন এখন আর নেই দেলোয়ারা খাতুনের। অভাব দূর হয়েছে। পেয়েছেন জাতীয় পুরস্কার। এলাকার সবাই এখন তাঁকে এক নামে চেনে। আর দেলোয়ারার এই সাফল্য এসেছে জাদুর ফাঁদ পেতে জৈব বালাইনাশক পদ্ধতিতে বিষমুক্ত সবজি চাষে।দেলোয়ারা খাতুনের (৩৮) বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের জিনারপুর গ্রামে। স্বামী বাচ্চু মিয়া আর তিন সন্তান মিলে পাঁচজনের সংসার তাঁদের। সংসারের অভাব দূর করতেই একদিন স্বামী-স্ত্রী মিলে বাড়ির পাশের জমিতে শুরু করেছিলেন সবজি চাষ। আর এই সবজি চাষেই দিন ফিরেছে তাঁদের।‘সবজি চাষ তো দেশের অনেক স্থানেই হয়। কিন্তু দেলোয়ারা খাতুনের চাষে ব্যতিক্রম আছে। জমিতে বা সবজির গাছে ক্ষতিকর পোকা ধ্বংস করতে তিনি কোনো প্রকার কীটনাশক বা বিষ দেন না। ক্ষতিকর পোকা ধ্বংসে ব্যবহার করেন পানির জাদুর ফাঁদ বা সেক্স ফেরোমেন পদ্ধতি। এই বিশেষ দুটি কারণেই সরকার তাঁকে পুরস্কৃত করেছে। পেয়েছেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার।’ বলছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম আফসারুজ্জামান। এরপর দেলোয়ারা খাতুনের বাড়িতে এসে কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাবিবুর রহমান তাঁর এই বিষমুক্ত সবজি চাষের চেষ্টা ও সাফল্যে অভিনন্দন জানিয়ে গেছেন। দেলোয়ার খাতুনের বাড়ি গিয়ে দেখা গেছে চারদিকে সবজির বাগান। বাড়ির যে দিকে চোখ যায়, সেদিকেই নানা জাতের সবজির খেত। শসা, বেগুন, করলা, বরবটি, শিম সবই আছে। আর বাড়িতে রয়েছে আম, কাঁঠাল, আতা, পেঁপে, নারকেল, জলপাই, বরই, পেয়ারা, কলা, চালতা, কামরাঙা, লুকলুকি, লিচুসহ বিভিন্ন জাতের ফলের গাছ। এসব গাছের মধ্যেই কাঁচা বেড়ার ছোট্ট টিনের চালের একটি ঘর তাঁদের। দেলোয়ারার স্বামী বাচ্চু মিয়া জানান, একসময় নদীতে বালু তোলা আর সেই বালু সুরমার ঘাটে নিয়ে যাওয়ায় মন বসছিল না তাঁর। তখন স্ত্রী দেলোয়ারাই সংসারে টানাপোড়েন দূর করতে পরামর্শ দেন বাড়িতে সবজি চাষ করার। এরপর সামান্য জমিতে সবজি লাগান। আর দেখাশোনা করেন দেলোয়ারা খাতুনই। লাভ হয় সেই সবজি বেচে। এরপর বালু তোলা বাদ দিয়ে তাঁরা সবজি চাষ শুরু করেন পুরোদমে।তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রথমে তাঁরা এক বিঘা জমিতে কপির চাষ করেছিলেন। সে বছর কিছু আয় হলে উৎসাহ বেড়ে যায় তাঁদের। পরের বছর চার বিঘা জমিতে নানা জাতের সবজির চাষ করেন। গত বছর তাঁরা নয় বিঘা জমিতে সবজির চাষ করেছিলেন। আর সবজি বিক্রির টাকা দিয়েই জমি কিনেছেন। গরু কিনেছেন ১০টি। এ বছর তাঁরা সবজি বিক্রি করে পাঁচ লাখ টাকা আয় করেছেন। কেবল শিম বিক্রি করেই আয় হয়েছে প্রায় দুই লাখ টাকা। এই আয় থেকে আড়াই লাখ টাকা দিয়ে আরও দুই বিঘা জমি কিনেছেন তাঁরা। সব জমিতেই বিভিন্ন জাতের সবজি লাগানো আছে। তাঁরা জমিতে সবজি চাষে কোনো বিষ বা কীটনাশক দেন না। তাঁদের সবজি সম্পূর্ণ বিষমুক্ত। এবার সাড়ে ১২ বিঘা জমিতে সবজি চাষ করেছেন তাঁরা।এলাকার চাষিরা তাঁদের দেখে সবজি চাষে আগ্রহী হচ্ছেন। আর পুরস্কার পাওয়ায় আগ্রহ আরও বেড়েছে। অনেকেই এসে কীভাবে এই পদ্ধতিতে সবজি চাষ করা যায়, তা জেনে যাচ্ছেন। পাশের মাঝেরটেক গ্রামের মহরম আলী জানান, দোলোয়ারা-বাচ্চুর সাফল্য দেখে এলাকার জিনারপুর, মাঝেরটেক, সোনারপাড়া, লতারগাঁও, নামপুর, বাঘবেড়, খরেরগাঁও, দীঘিরপাড় ও মতুরকান্দি গ্রামের লোকজন এখন সবজি চাষ করছে। জিনারপুরের কৃষক কালাম বলেন, ‘আমি এবার দুই বিঘা জমিতে শিম লাগাইছি। আগামী বছর আরও বেশি জমিতে সবজি লাগাইমু।’ যুবক শিমুল বলেন, তাঁদের দেখে অনেকে এখন সবজি চাষ করছেন। এলাকার ১০-১২টি গ্রামে এখন কমবেশি সবজি হয়। দেলোয়ারা পুরস্কার পাওয়ায় এখন এলাকায় তাঁর নাম ছড়িয়ে পড়েছে। এতে সবাই খুশি।উপজেলা কৃষি কর্মকর্তা আফসারুজ্জামান জানান, দেলোয়ারা জমিতে ক্ষতিকর পোকার আক্রমণ থেকে সবজি রক্ষা করতে এক প্রকার ফাঁদ পেতে রাখেন। এটি হলো পানির জাদুর ফাঁদ বা সেক্স ফেরোমেন পদ্ধতি। একটি ছোট বয়ামের মাঝ বরাবর কেটে তার নিচের অংশে রাখা হয় সাবানের ফেনাযুক্ত পানি। আর পানির ওপর লটকে দেওয়া হয় পোকার যৌন আবেদন ছড়ানো ঘ্রাণের একটি ছোট পুঁটলি। পুরুষ-পোকারা মনে করে, স্ত্রী-পোকা সেই গন্ধ ছড়াচ্ছে। ফলে এরা উড়ে এসে বয়ামের ভেতরে ঢুকে পানিতে পড়ে মারা যায়। এ ফাঁদে বেশি পড়ে সবজির জন্য ক্ষতিকর মাছির পোকা। এ ছাড়া তিনি একদিকে ক্ষতিকর পোকা ধ্বংস করেন, আবার উপকারী পোকা জমিতে ছেড়ে দেন। একইভাবে তিনি জমিতে বা সবজিতে কোনো প্রকার কীটনাশক না দিয়ে গোবর ও অন্যান্য জৈব সার ব্যবহার করেন।আফসারুজ্জামান আরও জানান, দেলোয়ারা বিষমুক্ত সবজি চাষের সাফল্যে এবার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেয়েছেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেছেন। আফসারুজ্জামান বলেন, ‘বিষমুক্ত সবজি চাষের ধারণা সারা দেশে ছড়িয়ে দেওয়া দরকার। এই এলাকায় প্রায় ১৫টি গ্রামের মানুষ এখন সবজি চাষ করছে। এই এলাকাকে “সবজিভান্ডার” হিসেবে ঘোষণা করার পরিকল্পনা সরকারের রয়েছে। আমরা সে লক্ষ্যে কাজ করছি।’ দেলোয়ারা-বাচ্চুর তিন ছেলে সুজন পঞ্চম, সুমন চতুর্থ ও দেলোয়ার দ্বিতীয় শ্রেণীতে পড়ে। সন্তানদের ভালোভাবে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করাই তাঁদের স্বপ্ন। দেলোয়ারা বলেন, ‘আর একখান ঘর বানানো দরকার। পুরস্কার পাওয়ার পর কত্ত মানুষ আয়। তারারে ঠিকমতো বওয়ার দিতাম পারি না। ইবার শীতও তাইন (স্বামী বাচ্চু) খইছন, একখান পাকা ঘর বানাইবা।’ পাশে দাঁড়িয়ে থাকা বাচ্চু মিয়া দেলোয়ারার কথায় সায় দেন।