বিষাক্ত গ্যাসে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের জাহাজ ভাঙা ইয়ার্ডে একটি বাতিল (স্ক্র্যাপ) জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বুধবার বিকেলে ফৌজদারহাটের ‘কেআর স্টিল’ নামের ইয়ার্ডে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শ্রমিকের নাম আবদুল করিম (৩০)। তিনি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বহদ্দারচর গ্রামের আবদুস সামাদের ছেলে বলে জানা গেছে। সীতাকুণ্ডের বিভিন্ন শিপইয়ার্ডে বাতিল জাহাজ ভাঙার সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনায় এ নিয়ে এই বছর পাঁচটি পৃথক দুর্ঘটনায় মোট আটজন শ্রমিকের মৃত্যু হলো। গত ১৮ জানুয়ারি ম্যাক করপোরেশন নামের ইয়ার্ডে চারজন এবং ১৫ মার্চ মাহিন এন্টারপ্রাইজ, ১৯ আগস্ট পেনিনসুলা শিপইয়ার্ড ও ১৭ সেপ্টেম্বর ফরচুন শিপ ব্রেকিং ইয়ার্ডে একজন করে শ্রমিক মারা যান।সীতাকুণ্ড থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বুধবার বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে এক শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওসি জানান, আবদুল করিম আমদানি করা ‘এমভি ভিক্টরিয়া-২’ নামের জাহাজ ভাঙার কাজ তদারক করছিলেন। জাহাজের একটি ট্যাংকে ঢোকার পর তিনি গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান।ইয়ার্ডের মালিক আবুল কাশেম ওরফে রাজা কাশেম এক শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘নিহত করিম আমার দীর্ঘদিনের কর্মচারী। তাঁর মৃত্যুতে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।’প্রসঙ্গত, জাহাজ ভাঙার কাজে কোনো শ্রমিক মারা গেলে জনপ্রতি পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে আদালতের নির্দেশনা আছে।