বিষাক্ত বর্জ্যযুক্ত জাহাজ আনতে নীতি শিথিল করার উদ্যোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো বা স্ক্র্যাপ জাহাজ আনার জন্য আমদানি-নীতি আদেশ শিথিল করার উদ্যোগ নিয়েছে সরকার। ‘পুরোনো জাহাজে বিষাক্ত বর্জ্য আছে কি না, তা বাংলাদেশের আমদানিকারকের নিযুক্ত সার্ভেয়ার কোম্পানি প্রত্যয়নপত্র দেবে।’ আমদানি-নীতিতে এই ধারাটি যুক্ত করার সুপারিশ করা হয়েছে।মাত্র এক মাস আগে জারি করা আমদানি-নীতি অনুযায়ী বাংলাদেশের কোনো আমদানিকারক বিদেশ থেকে পুরোনো জাহাজ আমদানি করতে চাইলে যে দেশ থেকে আমদানি করা হবে, সেই দেশের সরকার বা সরকার অনুমোদিত উপযুক্ত কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র নিতে হবে। এতে উল্লেখ থাকতে হবে, ‘জাহাজটি বিষাক্ত বর্জ্যমুক্ত’।আমদানি-নীতি শিথিলের জন্য পরিত্যক্ত জাহাজ ব্যবসায়ীরা অবশ্য দুই সপ্তাহ ধরে পরিবেশ ও বন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) তদবির করছেন বলে জানা গেছে। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে পরিবেশ রক্ষার ব্যাপারে বাংলাদেশ কড়া ভাষায় কথা বলে আসে। অথচ নিজ দেশে পরিবেশবিরোধী তত্পরতা চলার পথ করে দেয়। বিষয়টি হাস্যকর।রিজওয়ানা হাসান বলেন, আমদানি-নীতিতে বিষাক্ত বর্জ্যযুক্ত জাহাজ আমদানির ক্ষেত্রে প্রত্যয়নপত্রের শর্ত রাখা হয়েছিল সত্ চিন্তা থেকেই। এক মাস পার না হতেই কাদের স্বার্থে তা শিথিলের উদ্যোগ নেওয়া হচ্ছে, তা ভাবার বিষয়। জানা গেছে, আমদানি-নীতি আদেশ পালন করতে সম্প্রতি ১০টি পুরোনো জাহাজ আটকে দিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। কারণ, জাহাজগুলোর একটিতেও রপ্তানিকারক দেশের প্রত্যয়নপত্র নেই। পরিবেশ ও বন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বুধবার পরিবেশ ও বনসচিব মিহির কান্তি মজুমদার বিদ্যমান আমদানি-নীতির শর্ত শিথিল করতে ভারপ্রাপ্ত বাণিজ্যসচিব গোলাম হোসেনের কাছে একটি আধা-সরকারি চিঠি (ডিও) পাঠিয়েছেন। চিঠিতে পরিবেশ ও বন মন্ত্রণালয় বলেছে, চট্টগ্রাম বন্দরে কয়েকটি জাহাজ আটকে আছে। এতে শুধু ব্যবসায়ীরাই নন, ক্ষতিগ্রস্ত হচ্ছে উদীয়মান জাহাজ নির্মাণ শিল্পও। সুতরাং আমদানি-নীতি আদেশের সংশ্লিষ্ট শর্ত শিথিল করা না হলে জাহাজ ভাঙা শিল্পটি সামনের দিকে এগোতে পারবে না।একই ধারার ৪০ উপধারায় বলা আছে, ‘পরিত্যক্ত জাহাজ (স্ক্যাপ ভ্যাসেল) আমদানির ক্ষেত্রে তা বিষাক্ত বর্জ্যমুক্ত এই মর্মে রপ্তানিকারক দেশের সরকার বা সরকার কর্তৃক অনুমোদিত উপযুক্ত কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র শিপিং ডকুমেন্টসের সঙ্গে অবশ্যই দাখিল করতে হবে।’এদিকে আমদানি-নীতি আদেশের শর্ত শিথিলের জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আবেদনের এক দিন পর এনবিআর একই সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়কে।সুপারিশে বলা হয়েছে, আমদানি করা জাহাজ বর্জ্যমুক্ত কি না, তা আমদানিকারকেরাই বলবেন। আর তা যাচাই করবে বেসরকারি জরিপ প্রতিষ্ঠান। চট্টগ্রাম বন্দরে আসার পর আমদানিকারকেরা সরকারকে এমন অঙ্গীকারনামা দেবেন যে, বিষাক্ত বর্জ্যযুক্ত জাহাজ আনা হলে যেন বিধি অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পরিবেশ ও বনসচিব মিহির কান্তি মজুমদার চিঠি পাঠানোর কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ বিধিমালা তৈরির নির্দেশ দিয়েছেন। শিগগিরই এই বিধিমালা তৈরি করা হবে। তার আগ পর্যন্ত পরিবেশের জন্য ক্ষতিকারক কোনো জাহাজ আমদানি হলে বিষয়টি আমরাই যাচাই করতে চাই।’উদাহরণ দিয়ে পরিবেশসচিব বলেন, ‘পানামা থেকে যদি পুরোনো জাহাজ আসে, কীভাবে বুঝব, এতে বিষাক্ত বর্জ্য নেই। আর রপ্তানিকারক দেশের প্রত্যয়নপত্রই যে সঠিক, সেটাও তো বোঝার উপায় নেই। তবে জাহাজে বিষাক্ত বর্জ্য থাকলে আমদানিকারকের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’সূত্র জানায়, পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং এনবিআরের আবেদনে আমদানি নীতি আদেশের শর্ত শিথিল অর্থাত্ জাহাজ ভাঙা শিল্প ব্যবসায়ীদের পক্ষে মতামত দিয়েছেন ভারপ্রাপ্ত বাণিজ্যসচিব গোলাম হোসেন।জানা যায়, আমদানি নীতি শিথিলের জন্য দুই সপ্তাহ ধরে চট্টগ্রামের পরিত্যক্ত জাহাজ ব্যবসায়ীরা বাণিজ্যসচিবের কাছে ধরনা দিচ্ছেন। বাণিজ্যমন্ত্রী ফারুক খান এবং বাণিজ্যসচিব গোলাম হোসেনের কাছে নিয়মিত তদবির করে আসছেন চট্টগ্রামের সরকারদলীয় দুই সাংসদ।জানা যায়, ১৩ ফেব্রুয়ারি বাণিজ্যসচিব বরাবর লিখিত আবেদন জানায় বাংলাদেশ জাহাজ ভাঙা সমিতি। ভারপ্রাপ্ত বাণিজ্যসচিব গোলাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে যে সুপারিশ এসেছে, তাতে আমি নোট দিয়েছি। তার মানে এই নয় যে, আমি আমদানিকারকদের পক্ষে কথা বলেছি।’ তিনি জানান, বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে, এখনো অনুমোদন করেননি।জাহাজ ভাঙা সমিতির সভাপতি জাফর আলম বলেন, ‘আমদানি নীতি আদেশের ওই শর্তের বিষয়টি আমাদের জানা ছিল না। এরই মধ্যে অনেক জাহাজ এসে গেছে। তবে বাংলাদেশে যেসব জাহাজ আসে, সেগুলোতে বিষাক্ত বর্জ্য বলতে কিছু থাকে না।’