বিষাক্ত মদপানে এবার যুবলীগ নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনাগাজী উপজেলা সদরে বিষাক্ত মদপানে গতকাল শুক্রবার মানিক মিয়া (৩৮) নামে একজন যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চর চান্দিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। এ নিয়ে গত এক সপ্তাহে সোনাগাজীতে বিষাক্ত মদপানে চার জন মারা গেছেন।এলাকাবাসী জানায়, গতকাল সকালে মানিক মিয়া সোনাগাজী উপজেলা সদরের তাকিয়া রোডস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে মদ পান করেন। এর কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ফেনী সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তিনি চর চান্দিয়া গ্রামের মো. হানিফের ছেলে। সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সা কর্মকর্তা (আরএমও) ডা. সাইফুল ইসলাম জানান, মানিক মিয়া বিষাক্ত মদ পান করে অসুস্থ হন। এর আগে গত শনিবার রাতে সোনাগাজী উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে একটি ঘরে বসে মদপান করে সোনাগাজী পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক ওরফে ভিপি দুলাল, স্থানীয় যুবদল নেতা মোবারক হোসেন (৩৫), হিরন মিয়া (৩৮), মাদক ব্যবসায়ী সামছুল হক ওরফে মারু মিয়াসহ ৬-৭ জন। রাতেই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। পরদিন রোববার মোবারক হোসেন ও হিরন মিয়া মারা যায়। দুই দিন পর মঙ্গলবার সামছুল হক ওরফে মারু মিয়া মারা যান। সোনাগাজী পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক ওরফে ভিপি দুলালকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তির পর তিনি সুস্থ হয়ে ওঠেন।