বিষাক্ত মদপানে যুবদল নেতাসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে বিষাক্ত মদপানে আজ রোববার ভোররাতে যুবদল নেতা মোবারক হোসেন (৩৫) এবং মাদক বিক্রেতা হিরণ মিয়া (৩৬) মারা গেছেন। এদিকে সোনাগাজী পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক ওরফে ভিপি দুলাল (৪০) গুরুতর অসুস্থ হয়ে ফেনীর একটি স্থানীয় ক্লিনিকে ভর্তি আছে।পুলিশ, পারিবারিক সূত্র ও এলাকাবাসী জানায়, তাঁরা হাসপাতাল স্ট্যান্ড এলাকায় একটি ঘরে বসে কয়েক রকমের বিষাক্ত মদপান করে। কিছুক্ষণের মধ্যে তাঁদের দেহে বিষক্রিয়া শুরু হয়। আত্মীয়-স্বজনেরা তাঁদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা দ্রুত ফেনী অথবা ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ভোররাতের দিকে মোবারক ও হিরণ মিয়া বাড়িতে মারা যান। পারিবারিক সূত্র জানায়, মোবারক হোসেন সোনাগাজী পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের চরচান্দিয়া গ্রামের আবদুল কাদেরের ছেলে। আজ ভোরে তড়িঘড়ি করে মোবারকের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, বিষাক্ত মদপানে মোবারক ও হিরণের মৃত্যু ঘটেছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে।