বাংলাদেশের নানান ভাষাদেশে চালু আছে অনেক ভাষা এ নিয়ে বিশেষ আয়োজন
বিষ্ণুপ্রিয়া মণিপুরি
বাংলাদেশে মূলত সিলেট বিভাগে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষার প্রচলন আছে। বিষ্ণুপ্রিয়া ভাষার দুটি উপভাষা। একটি ‘রাজার গাঙ’, অর্থাৎ ‘রাজার গ্রাম’। আরেকটি ‘মাদাই গাঙ’, অর্থাৎ ‘রানির গ্রাম’। কে পি সিনহার মতে, নব্য ইন্দো-আর্য ভাষার উৎপত্তির কালে, কিংবা তার ঠিক পরেই—অর্থাৎ ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতকে—ইন্দো-আর্য ভাষা থেকে আলাদা বৈশিষ্ট্য নিয়ে স্বতন্ত্র ভাষা হিসেবে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষার উদ্ভব। শুরুতে এই ভাষা ভারতের মণিপুর রাজ্যে প্রচলিত হয়। এই নতুন ভাষা মোটামুটি পূর্ণাঙ্গতা পায় ষোলো শতকে।তেরো থেকে ষোলো শতক পর্যন্ত বিষ্ণুপ্রিয়া ও মেইতেই জনগোষ্ঠীর ঘনিষ্ঠ সম্পর্কের কারণে বিষ্ণুপ্রিয়াতে মেইতেই শব্দের অনুপ্রবেশ ঘটে। উনিশ শতকের শুরুতে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় ব্যাপকভাবে ইন্দো-আর্য ভাষা পরিবারের শব্দাবলি প্রবেশ করে। অহমিয়া ও বাংলার সঙ্গে এই ভাষার সাদৃশ্য থাকায় একে বাংলা বা অহমিয়ার উপভাষাও বলা হয়ে থাকে। তবে পণ্ডিতদের অনেকেই বিষ্ণুপ্রিয়া মণিপুরিকে স্বতন্ত্র ভাষা হিসেবে বিবেচনা করেছেন। জর্জ গ্রিয়ারসন তাঁর লিংগুইস্টিক সার্ভে অব ইন্ডিয়াতে (১৯০৩) বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা সম্পর্কে লিখেছেন, ‘[বিষ্ণুপ্রিয়া মণিপুরি] ভাষার মধ্যে দুই ভাষার (অহমিয়া ও বাংলা) বেশ কিছু বৈশিষ্ট্য পাওয়া গেলেও উভয়ের সঙ্গেই এর বড় ধরনের পার্থক্য আছে।’ বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় এ-যাবৎ সংগৃহীত ৩০ হাজার শব্দসম্ভার রয়েছে। এর মধ্যে তৎসম শব্দ ১০ হাজার, অর্ধ তৎসম এক হাজার পাঁচ শ, তদ্ভব আট হাজার, বিষ্ণুপ্রিয়া মণিপুরি শব্দসংখ্যা দুই হাজার।ভারতের আসাম ও ত্রিপুরার পাশাপাশি মিয়ানমারেও এই ভাষাভাষী মানুষ আছে। ত্রিপুরা রাজ্যে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষার অবস্থান তৃতীয়। বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্রে ‘মণিপুরি অনুষ্ঠান’ নামে সাপ্তাহিক অনুষ্ঠানে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ও মেইতেই মণিপুরি ভাষায় গান, কথিকা ও নাটিকা প্রচারিত হয়।বিষ্ণুপ্রিয়া ভাষার স্বীকৃতির জন্য এই ভাষাভাষী মানুষেরা সংগ্রাম করেছেন ভারতে। আন্দোলনের কর্মসূচি হিসেবে ১৯৯৬ সালের ১৬ মার্চ রেল অবরোধ কর্মসূচি পালন করতে গেলে পুলিশ আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। তাতে সুদেষ্ণা সিংহ প্রাণ দেন।বিষ্ণুপ্রিয়া ভাষার সাহিত্যভান্ডার সমৃদ্ধ। এ ভাষার কবি রনজিত সিংহের ‘বলি ইয়া আছৎ, দাদা’ কবিতার কয়েকটি লাইন: ‘হারৌহানে বাহেছিলে মোরে পেয়া/ আকখুলাগয় তর গরে-মাংকলে-কোঠাৎ বয়া/ কতিয়ৌ সহজ করে পানা;/ কিন্তু বিধির বিধানে লেখা/ বিদায় লগ্নৎ নাহে ইল দেখা/ তেব অনন্তকাল সুপৌ দুক্খ নাকেকা পানা।’কবি নিজেই তাঁর কবিতার তর্জমা করেছেন: ‘আনন্দে বিভোর ছিলে আমাকে পেয়ে/ একা, তোমার ঘরে-উঠোনে-সাজকক্ষে/ কতই না সহজ ছিলো এ পাওয়া!/ কিন্তু বিধির বিধানে লেখা/ বিদায় লগ্নে হলো না দেখা/ তবু অনন্তকাল যেন হয় না এ দুঃখ বাওয়া।’