বিষয়টি টিআইকে জানাবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ৯৭ শতাংশ সাংসদ অনৈতিক কাজে জড়িত বলে যে প্রতিবেদন দিয়েছে, তা প্রত্যাখ্যান করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) কেন্দ্রীয় কার্যালয়ে চিঠি পাঠানো হবে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানান। তিনি বলেন, যে ৬০০ জনের মতামত নিয়ে প্রতিবেদন তৈরি হয়েছে, তাঁরা টিআইবির নিজস্ব লোক। ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে বিকেল সাড়ে চারটার দিকে সংসদের অধিবেশন শুরু হয়। গত সোমবারও টিআইবির প্রতিবেদনের কড়া সমালোচনা করে সাংসদেরা সংস্থাটির কার্যক্রম বন্ধের দাবি তোলেন।টিআইবির প্রতিবেদন সম্পর্কে সাংসদ শাহরিয়ার আলমের সম্পূরক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘মহাজোট জবাবদিহি নিশ্চিত করার জন্য সরকার গঠন করেছে। সে জন্য আমরা আশা করেছিলাম, টিআইবির প্রতিবেদন সরকারের কাজে লাগবে। কিন্তু প্রতিবেদন পাওয়ার পর হতাশ হতে হয়েছে। দুর্বল এই প্রতিবেদন দেখে আমরা অবাক হয়েছি। সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় এই প্রতিবেদন থেকে কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।’ টিআইবির জরিপ পদ্ধতির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘অনেকেই দুর্নীতি করে। কিন্তু রাজনীতিবিদদের দুর্নীতিবাজ বলা ফ্যাশনে পরিণত হয়েছে। টিআইবিও সেই ফ্যাশন করেছে। তারা সুবিধাজনক নমুনায়ন পদ্ধতিতে তথ্য নিয়েছে। তথ্য নিয়েছে পার্লামেন্ট ওয়াচ, পাঁচটি পত্রিকা ও তাদের নির্বাচিত “সচেতন গোষ্ঠী” থেকে, যে সচেতন গোষ্ঠীর সংজ্ঞা তারা দিতে পারেনি।’ তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের প্রশ্ন ছিল দেশে ৩২০টি পত্রিকা আছে। আপনারা কোন পদ্ধতিতে পাঁচটি পত্রিকা বাছাই করেছেন? ফোকাস গ্রুপ ডিসকাশনের (এফজিডি) জন্য ১৫-২০ জনকে বেছে নিয়েছে তারা। আমাদের প্রশ্ন ছিল, এদের কীভাবে নির্বাচন করেছে? তারা জানিয়েছে, এখানে কোনো সাধারণ নাগরিক নেই। সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি পরিচালিত একটি সংগঠন। এর সদস্যসংখ্যা ৪০০ থেকে ৬০০। এসব আলোচনা সঞ্চালন করেছে সনাকের একজন ব্যক্তি। যেখানে সনাক নেই সেখানে তারা যায়নি। আসলে তারা তাদের পছন্দমতো লোক নির্বাচন করে জরিপ করেছে। এর মাধ্যমে দেশের সাধারণ নাগরিকদের অসম্মান করা হয়েছে।’ মন্ত্রী আরও বলেন, ‘পত্রিকায় ছাপা হয়েছে ৯৭ শতাংশ সাংসদ অনৈতিক কাজের সঙ্গে জড়িত। কিন্তু টিআইবির মূল প্রতিবেদনে আছে ১৪৯ জন সাংসদের মধ্যে ৯৭ শতাংশ অনৈতিক কাজে জড়িত। এই ভুল প্রতিবেদনের জন্য পরের দিন টিআইবি থেকে কোনো প্রতিবাদ জানানো হয়নি। আমরা এই ধারণাপ্রসূত প্রতিবেদন প্রত্যাখ্যান করে টিআইবির প্রধান কার্যালয় টিআইর কাছে পাঠাব। টিআইকে বলব, তারা যেন এই প্রতিবেদন বাদ দিয়ে একটি পরিপূর্ণ প্রতিবেদন জমা দেয়।’ তথ্যমন্ত্রী আরও বলেন, ‘টিআইবির গবেষণাটি একটি নেতিবাচক ধারণাকে প্রতিষ্ঠিত ভেবে, ইচ্ছামতো উত্তরদাতা নির্বাচন করে, সুনির্দিষ্ট নেতিবাচক নির্দেশক প্রশ্নমালার অধীনে পরিচালিত। এর মাধ্যমে একটি সুনির্দিষ্ট নেতিবাচক লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টা রয়েছে।’ মন্ত্রণালয় থেকে টিআইবির কাছে যেসব প্রশ্ন পাঠানো হয়েছে তার অনেকগুলোরই যথাযথ উত্তর দেওয়া হয়নি এবং কোনো কোনো প্রশ্ন এড়িয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। হাসানুল হল ইনু বলেন, প্রশ্নগুলো প্রাথমিকভাবে পর্যালোচনায় প্রতীয়মান হয়, টিআইবির এই আলোচিত গবেষণায় সামাজিক গবেষণায় অনুসৃত পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করা হয়নি। যে ধরনের পদ্ধতি প্রয়োজন, সে পদ্ধতি প্রয়োগ না করে টিআইবি পূর্বধারণাকে প্রতিষ্ঠিত করার সুবিধামতো পদ্ধতি বেছে নিয়েছে এবং প্রেরিত জবাবে ওই পদ্ধতিকে যথার্থ বলে প্রতিপন্ন করার চেষ্টা করেছে। যথাযথ সাধারণীকরণের জন্য যে ধরনের নমুনায়ন পদ্ধতি সচরাচর ব্যবহূত হয়ে থাকে, তা না করে সুবিধাজনক নমুনা ব্যবহার করা হয়েছে, যা প্রতিনিধিত্বশীল ফলাফল দেয় না। শাহরিয়ার আলম তথ্যমন্ত্রীর কাছে জনতে চান, কিছু কিছু মিডিয়া (গণমাধ্যম) খবর ছাপানোর নামে যা ইচ্ছা তাই ছাপে। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না? তথ্যমন্ত্রী এ প্রশ্নের কোনো জবাব দেননি।ভবিষ্যতে কেউ যদি অনুমাননির্ভর প্রতিবেদন প্রকাশ করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না—ফজিলাতুন নেসার এই প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়ার দরকার নেই। প্রতিবেদন তৈরি করার অধিকার তাদের আছে। তবে এই সুবিধাজনক নমুনায়ন পদ্ধতি কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, সেই নিয়ে প্রশ্ন থাকবে। তারা যে প্রতিবেদন দিবে, সে বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে।