বিষয়বৈচিত্র্যে পাঠকের সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েটি বসে আছে প্রথম আলো কার্যালয়ের ষষ্ঠ তলায়। নারীমঞ্চ সম্পাদকের সঙ্গে কথা বলতে চায়। মেয়েটি জানায়, সে জিপিএ-৫ পেয়ে সবে এসএসসি পাস করেছে। তার এক জ্ঞাতি ভাইয়ের সঙ্গে বাবা-মা বিয়ে দিতে চাইছেন। কিন্তু মেয়েটি এখনই বিয়ে করতে চায় না, পড়াশোনা করে চাকরি নিয়ে নিজের পায়ে দাঁড়াতে চায়। সে বলে, ‘নারীমঞ্চে বাল্যবিবাহ নিয়ে একটা লেখা ছাপেন। মেয়েদের কম বয়সে বিয়ে দিতে হয় না, এটা অন্যায়।’ তাকে বলা হয়, তোমার কথা লিখব?‘না, আমার কথা লিখলে বাবা-মা তো আমাকে মারবেন।’তাহলে?‘আপনারা যেদিন ছাপবেন বাল্যবিবাহ দেওয়া ঠিক নয়, মেয়েদের কম বয়সে বিয়ে দেবেন না—সেদিন সকালেই আমি নারীমঞ্চ পাতাটা বের করে প্রথম আলোর ওপরে রেখে দেব। আমার বাবা-মা দেখলে, তাঁদের মন নরম হতে পারে।’কারণ?‘আমার বাবা-মা প্রথম আলোকে বিশ্বাস করে।’ মেয়েটির চোখ ভিজে যায়।২০০৭ সালের ৭ নভেম্বর নারীমঞ্চে মেয়েটির নাম উল্লেখ না করে এ ঘটনার কথা ছাপা হয়েছিল। শুধু পড়াই নয়, প্রথম আলোর ক্রোড়পত্রগুলোর কাছ থেকে একেবারে ব্যক্তিগত সমস্যার সমাধান পর্যন্ত আশা করেন অনেকেই। মানবিক আবেদন নিয়েও আসেন কেউ কেউ। চিকিৎসাসেবা, চাকরি ইত্যাদির প্রত্যাশা জানান কখনো ফোনে, চিঠিতে, ই-মেইলে, কখনো বা সরাসরি কার্যালয়ে এসে। প্রত্যাশাগুলোর প্রতিফলন দেখা যায় বিভিন্ন ক্রোড়পত্রের প্রতিবেদনে। খুব জরুরি বিষয়গুলোর সমাধান সরাসরি করে দেওয়ার চেষ্টাও নেওয়া হয়।১৯৯৮ সালে যখন প্রথম আলোর প্রকাশনা শুরু হচ্ছে, তখন লক্ষ্য ছিল একে একটি পারিবারিক পত্রিকা হিসেবে প্রতিষ্ঠিত করা। একটা পরিবারে নানা বয়সী সদস্য থাকেন। তাঁদের একেকজনের একেক চাহিদা। কেউ হয়তো রবিশংকরের সেতারে মুগ্ধ, কেউ হয়তো হাল আমলের ব্যান্ড সংগীতে মশগুল। কারও চাই ফ্যাশনের খোঁজ, কারও সংস্কৃতি, বিনোদনের খোঁজ। কেউ ভালোবাসেন লড়াকু মানুষের জীবনসংগ্রাম পড়তে, কেউ জানতে চান সফল মানুষের সফল হয়ে ওঠার আদ্যোপান্ত। বিভিন্ন বয়সের নানা রুচির মানুষই তো দৈনিক পত্রিকার পাঠক। তাঁদের চাহিদা তো মেটাতে হবে। না হলে পত্রিকাটি পরিবারের সবাইকে টানবে কীভাবে? সে কারণেই প্রথম আলোর সব ক্রোড়পত্রে গুরুত্ব দেওয়া হয়েছে লেখাপড়া, বিনোদন, এলাকার খবর, ক্রীড়া, বিজ্ঞান-প্রযুক্তি, জীবনযাপন ইত্যাকার বিষয়।প্রকাশনার প্রথম দিন থেকেই রিপোর্ট, মতামত, দেশ-বিদেশের খবরের সঙ্গে সঙ্গে প্রথম আলোয় সপ্তাহের সাত দিনই ক্রোড়পত্র প্রকাশ করা হচ্ছে পাঠকদের জন্য। যেগুলো ফিচার পাতা হিসেবে পরিচিত। একেক দিনের জন্য আছে আলাদা আলাদা সাপ্তাহিক ফিচার পাতা। প্রতিটি পাতারই বিষয় আলাদা, বৈচিত্র্যপূর্ণ। সব ধরনের পাঠকের চাহিদা মেটানোর এক প্রচেষ্টা। আগে থেকে প্রচলিত এমন বিষয়ের বাইরে গিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো প্রকাশ করা হয় ম্যাগাজিন আকারে রম্য ক্রোড়পত্র আলপিন (যার উত্তরসূরি রস+আলো) আর ট্যাবলয়েডে জীবনধারার ক্রোড়পত্র নকশা। পরবর্তী সময়ে সংযোজিত হয়েছে তথ্যভিত্তিক বিচিত্র বিষয়ে সহজ উপস্থাপনার অন্য আলো, শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের জন্য স্বপ্ন নিয়ে। এ দুই ক্রোড়পত্রও নতুন ধারা যোগ করেছে। ব্যক্তি, সমাজ, দেশকে আলোকিত করে গড়ে তোলার উপযোগী বিষয় দিয়ে ক্রোড়পত্রগুলোকে সাজানোর নিরন্তর চেষ্টা দেখা গেছে।প্রথম আলোর যাত্রা শুরু নতুন শতাব্দীর সন্ধিক্ষণে। নতুন শতকের জীবনযাপনের সঙ্গে মিলিয়ে, যুগের চাহিদা মেটাতে, পাঠকের আকাঙ্ক্ষার সঙ্গে মেলবন্ধন ঘটাতে ক্রোড়পত্রগুলোর বিষয়ভাবনা, পাতার অঙ্গসজ্জায় বৈচিত্র্য যেমন বেড়েছে, তেমনি বেড়েছে কিছু ক্রোড়পত্রের কলেবর এবং ক্রোড়পত্রের সংখ্যাও। যে প্রক্রিয়া এখনো চলমান। ছুটির দিনে ও রম্য ম্যাগাজিন আলপিন (রস আলো) ছিল দুই রঙা, এখন হয়েছে চার রঙা। পৃষ্ঠাসংখ্যা ১৬ থেকে বেড়ে হয়েছে ২৪। নকশা ৮ পৃষ্ঠা থেকে হয়েছে পুরো রঙিন ১৬ পৃষ্ঠা। গত রোজার মাসে পাঠকেরা প্রতি মঙ্গলবারই পেয়েছেন দুটি করে নকশা, মোট ৩২ পৃষ্ঠা।এখন প্রথম আলোর নিয়মিত ক্রোড়পত্রের সংখ্যা ১৮। শুরুতে এ সংখ্যা ছিল ১১। এ ছাড়া পয়লা বৈশাখ, ছাব্বিশে মার্চ, একুশে ফেব্রুয়ারি, দুই ঈদসহ বিশেষ দিনগুলোতে বের হয় বিশেষ ক্রোড়পত্র। ফিচার পাতা, কিন্তু প্রতিদিন বের হয় এমন আয়োজনের সংখ্যা তিন। সংখ্যাতাত্ত্বিক হিসাবটা যেমন বেশি, তেমনি ফিচার পাতাগুলোতে বিষয়বৈচিত্র্য, পাঠকের অংশগ্রহণও বেশি। বর্তমানে সপ্তাহের সাত দিন যে ক্রোড়পত্রগুলো সেগুলো হলো—শনিবার ছুটির দিনে, রোববার বিজ্ঞান প্রজন্ম, গণিত ইশকুল, আইন অধিকার ও স্টেডিয়াম; সোমবার রস+আলো; মঙ্গলবার নকশা; বুধবার নারীমঞ্চ, বন্ধুসভা, স্বাস্থ্যকুশল, স্বপ্ন নিয়ে ও কাজের খবর; বৃহস্পতিবার আনন্দ; শুক্রবার সাহিত্য সাময়িকী, গোল্লাছুট, অন্য আলো, প্রজন্ম ডট কম ও চলতি বিশ্ব। পাঠকের আরও বেশি কিছু দেওয়ার প্রয়াস ফিচার পাতাগুলোর ক্ষেত্রে চলমান একটা প্রক্রিয়া। রোববার বের হয় ঢাকায় থাকি। চট্টগ্রামে সপ্তাহে দুই দিন আলোকিত চট্টগ্রাম। উত্তর ও দক্ষিণ বাংলার জন্য আলোকিত উত্তর এবং আলোকিত দক্ষিণ বের হয় সপ্তাহে এক দিন।পাঠকের রুচির ভিন্নতার কথা ভেবেই ক্রোড়পত্রগুলো সাজানো হয়। তবে যেসব ইস্যুতে সমাজের সপক্ষে পরিষ্কার একটা অবস্থান নিতে হয়, তখন একাধিক ক্রোড়পত্রে বা কখনো মূল পত্রিকার রিপোর্টিংয়ের সঙ্গে সমন্বিতভাবে নানা প্রতিবেদন, ফিচার প্রকাশ করা হয়। যেমন বাংলাদেশি চলচ্চিত্র যখন অশ্লীলতায় ডুবে যাচ্ছিল, সমাজে এর নেতিবাচক প্রভাব পড়ছিল, তখন আনন্দ পাতায় প্রতিবেদন প্রকাশ, চলচ্চিত্র ব্যক্তিত্বদের নিয়ে মতবিনিময় যেমন চলেছে, তেমনি মূল পত্রিকায় ছাপা হয়েছে অনুসন্ধানী প্রতিবেদন।প্রথম আলোর ক্রোড়পত্রগুলোর বিষয়বৈচিত্র্য যেমন দিন দিন বেড়েছে, উৎকর্ষের বিচারে উত্তীর্ণ হওয়ার চেষ্টা চলেছে; তেমনি প্রতিবেদনের ভাষাশৈলী, উপস্থাপনার ভঙ্গিতেও গৎ ভাঙার চেষ্টা করা হয়েছে। সুপাঠ্য ফিচার তৈরি হচ্ছে ঠিকই, তবে এর সঙ্গে মিশেল ঘটছে রিপোর্টিংয়ের। যখন কোনো মন্তব্য বা পরামর্শের দরকার পড়ছে, তখন বিশেষজ্ঞ বা সংশ্লিষ্ট ব্যক্তিই তা বলছেন। ফলে সময়কে ধরে প্রকাশিত হচ্ছে ক্রোড়পত্রগুলো।যুগের সঙ্গে এগিয়েছে প্রযুক্তি। মুদ্রণ বা পাতার অঙ্গসজ্জায় সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ক্রোড়পত্রসহ প্রথম আলোর সর্বত্র। সর্বশেষ প্রযুক্তির ডিজিটাল ক্যামেরায় তোলা ছবি, আর আধুনিক গ্রাফিকসের ব্যবহার ফিচার পাতাগুলোকে দৃষ্টিনন্দন করে তুলেছে পাঠকের কাছে।গুণী মানুষের প্রতিচ্ছবিছুটির দিনে ক্রোড়পত্রটির প্রচ্ছদ প্রতিবেদনে বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, ড. মুহাম্মদ ইউনূস, রেহমান সোবহান, প্রবাসী বিজ্ঞানী আতাউল করিম, জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী থেকে শুরু করে ফখরুদ্দিন বাবুর্চি, কুটিরশিল্পখ্যাত জাহানারা বেগম, পলান সরকার, হালের আলোচিত ডুবুরি চান মিয়া—গুণীদের ভেতরের মানুষকে তুলে ধরা হয়েছে। বাংলা ১৪১১ সনের বৈশাখ মাস থেকে তরুণ সংখ্যা বের হচ্ছে ছুটির দিনে। যেসব তরুণ এই সংখ্যাটিতে স্থান পেয়েছিলেন, তাঁদের অনেকেই এখন নিজ নিজ ক্ষেত্রে হয়ে উঠেছেন নেতৃস্থানীয়। মোস্তফা সরয়ার ফারুকী, অমিতাভ রেজা, জয়া আহসান, অদিতি ফাল্গুনী, অদিতি মহসীন, তামিম ইকবাল, তানজীব-উল আলম, রাগিব হাসান, শাহরিয়ার মনজুর—এমন অনেক নামই আছে এ তালিকায়। আবার মেরিল-প্রথম আলো পুরস্কারে যাঁরা আজীবন সম্মাননা পাচ্ছেন সেই সোহরাব হোসেন, শাহ আবদুল করিম, বেবি ইসলাম, কলিম শরাফী, সুভাষ দত্ত, সুধীন দাশ ও ফেরদৌসী রহমানের মতো গুণীজনকে নিয়ে পুরস্কারপ্রাপ্তির পরপরই প্রচ্ছদ প্রতিবেদন বের করা হয়েছে ছুটির দিনেতে।অটিস্টিক সন্তান আদিলের মা লিডি হক। অটিজম নিয়ে পড়াশোনা করে ছেলেটিকে সৃজনশীল কাজে জড়িত করেছেন। প্রায় স্বাভাবিক জীবনে নিয়ে এসেছেন আদিলকে। তাঁর সংগ্রামের কথা নারীমঞ্চে প্রকাশিত হওয়ার পর অনেক অটিস্টিক মা উদ্বুদ্ধ হয়েছেন। আবার ক্যানসার-জয়ী কাজী রোজীর সংগ্রামও বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছে ক্যানসারে আক্রান্ত অনেককে।একুশ শতকের জীবনযাপনেবিয়ের সব পর্বে বর-কনের জমকালো পোশাক ও অন্যান্য অনুষঙ্গ যে দেশেই তৈরি হয়, দেশেই পাওয়া যায়—সে বিষয় নিয়ে ২০০৮ সালে সাজানো হয়েছিল নকশার একটি সংখ্যা। এই ক্রোড়পত্রটি তুলে ধরে ‘একুশ শতকের জীবনধারা’। নকশা দেশি কাপড়ে তৈরি পোশাকের ধারাটিকে বেগবান করতে প্রথম থেকেই সচেষ্ট। হালফ্যাশন, ফ্যাশনের ধারা—সবকিছুতেই দেশি কাপড়, দেশি উপাদান, দেশি ডিজাইন নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ঋতু, উৎসব, ঐতিহ্য ধরে নকশায় যে পরিকল্পিতভাবে দেশি খাবারের রন্ধনপ্রণালি প্রকাশিত হয়, তা পাঠক গ্রহণ করেছেন।রম্য ম্যাগাজিন সম্পর্কে একটা ধারণা ছিল যে এটা বুঝি শুধু তরুণদের জন্যই। রস+আলো সে ধারায় পরিবর্তন এনে, একুশ শতকের প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্ক পাঠকদের জন্য নির্মল বিনোদনের এক আধার হয়ে উঠেছে। বাঙালির হালখাতার আদলে প্রচ্ছদ, ফেসবুক সংখ্যা ইত্যাদি সৃজনশীলতার পরিচয় দিয়েছে।তারার দেশের খবরআনন্দে জনপ্রিয় ধারার তারকাদের হাঁড়ির খবর ঠিকঠাক পান পাঠকেরা। আবার মূল ধারার সংস্কৃতি নিয়েও এগিয়ে আনন্দ। একদিকে যেমন ছাপা হয় বিসমিল্লাহ খানের সাক্ষাৎকার, তেমনি আসে শাকিব খানের প্রতিবেদন। অপর্ণা সেন, নন্দিতা দাশের সাক্ষাৎকার পাঠকের কাছে পৌঁছে দেয় আনন্দ। এ ক্রোড়পত্রেই ২০০৪ সালে শুরু হয়েছিল চলচ্চিত্রে অশ্লীলতাবিরোধী আন্দোলন। একের পর এক প্রতিবেদন, গোলটেবিলে বৈঠকের আয়োজন চলচ্চিত্রকে আবারও সুস্থ ধারায় ফিরিয়ে আনার ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। টাস্কফোর্স গঠন, ২০০৫ সালে আইন প্রণয়ন ছিল ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের সাফল্য।বিজ্ঞান ও প্রযুক্তিচর্চার প্রসারেপাটের জিনগত বৈশিষ্ট্য বের করায় উদ্যোগী হয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী মাকসুদুল আলম। তাঁর গবেষণা নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছাপা হলো বিজ্ঞান প্রজন্ম পাতায়। চোখে পড়ল কৃষিমন্ত্রীর। পরের ইতিহাস সবারই জানা। হরিপদ কাপালির ওপর প্রতিবেদন ছাপার পরই রচিত হলো হরি ধানের বিজয়গাথা। ২০০১ সালে এ পাতায় শুরু হয়েছিল নিউরনে অনুরণন বিভাগ—আজকের গণিত অলিম্পিয়াডের প্রথম ভিত। নোবেল বিজয়ী বিজ্ঞানীদের সঙ্গে তরুণ বিজ্ঞানীদের মিলনমেলা লিন্ডাও সম্মেলনে ২০০৭ সাল থেকে বাংলাদেশের তরুণ গবেষকদের অংশ নেওয়ার সুযোগও তৈরি হয়েছে এই ক্রোড়পত্রের মাধ্যমে। গণিত অলিম্পিয়াডের জনপ্রিয়তার কারণে গণিতের একটা ক্রোড়পত্রের দাবি আসে শিক্ষার্থীদের তরফ থেকে। ২০০৭ সাল থেকে চালু হয় গণিত নিয়ে ক্রোড়পত্র গণিত ইশকুল।২০০২ সালের জুন মাসে প্রস্তাবিত বাজেটে কম্পিউটার যন্ত্রাংশের ওপর আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়। প্রজন্ম ডট কম পাতায় বিশেষজ্ঞ, কম্পিউটার ব্যবহারকারী—সবার মতামত নিয়ে কম্পিউটারকে শুল্কমুক্ত রাখার পক্ষে প্রতিবেদন প্রকাশ করা হয় তথ্যপ্রযুক্তির বৃহত্তর স্বার্থে। চূড়ান্ত বাজেটে কম্পিউটারকে শুল্কমুক্ত করা হয়। ২০০১ সাল থেকে প্রকাশিত এ পাতায় দেশের নবীন প্রযুক্তিবিদেরা গুরুত্ব পাচ্ছেন সব সময়। প্রজন্ম ডট কম-এর ই-মেইল ঠিকানায় প্রতিদিন শতাধিক মেইল আসে নানা যন্ত্রের নানা যন্ত্রণা নিয়ে। সেগুলোর সমাধান থাকে সারাইখানায়, যা পাঠকের কাজে লাগে সব সময়।মেধা মনন সৃজনশীলতার মেলবন্ধনপ্রতিবছরই অমর একুশে বইমেলার পর সাহিত্য সাময়িকীতে তিনটি বিশেষ সংখ্যা বের হয়। একটি নির্বাচিত সৃজনশীল বই, আরেকটি মননশীল বই। এর বাইরে নবীন লেখকদের বাছাই করা বই নিয়েও প্রকাশিত হয় একটি সংখ্যা। সাহিত্য সাময়িকী ক্রোড়পত্রটিতে শুরু থেকেই চেষ্টা করা হয়েছে সাহিত্য, শিল্পের নবীন-প্রবীণ লেখক-শিল্পীদের মেলবন্ধন ঘটানোর।২০০১ সালে শুরু হয়েছিল অন্য আলোর প্রকাশনা। তথ্যভিত্তিক প্রতিবেদন, তবে সহজ ঢঙে উপস্থাপনা এ ক্রোড়পত্রকে দিয়েছে স্বাতন্ত্র্য। মাছ চাষ করে লাখপতি, সাঁতরে বঙ্গোপসাগরের বাংলা চ্যানেল পাড়ি—নানা বিচিত্র বিষয়ে তৈরি হয়েছে এ পাতার নানা প্রতিবেদন। বিশিষ্টজনদের সাহিত্য-ভাবনা, সংস্কৃতি-চিন্তা, পছন্দ-অপছন্দ থেকে উঠে এসেছে তাঁদের ভেতরের মানুষ।মাঝেমধ্যেই ফোন আসে গোল্লা ভাইয়ার কাছে। আধো আধো বুলিতে বলা হয়, গোল্লা ভাইয়া, আমি একটা গল্প লিখেছি, কবে ছাপা হবে? শিশুদের সঙ্গে গোল্লাছুট নামের ক্রোড়পত্রের সম্পর্কটা এমনই। আবার কয়েক বছর ধরে চলছে খুদে লেখকদের গল্প লেখার প্রতিযোগিতা—এক গল্পে এক লাখ টাকার পুরস্কার। গোল্লাছুট ঘরেই শুধু বসে থাকে না। বিভিন্ন স্কুলেও গেছে। সেই স্কুলের কথা, শিক্ষার্থীদের লেখা, ছবিতে ভরে ওঠে বিশেষ সংখ্যা।প্রতিদিন আলোকিত শিক্ষায়সৃজনশীল প্রশ্ননির্ভর পরীক্ষা কেমন হবে? এ নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক—শুরুতে কারও কাছে তেমন পরিষ্কার ধারণা ছিল না। প্রথম আলোর প্রতিদিনের আয়োজন পড়াশোনা পাতায় সৃজনশীল পরীক্ষার নানা বিষয় স্থান পেয়েছে, বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া গেছে। স্কুল পর্যায়ের পড়াশোনার দিকনির্দেশনা থাকায় পরিবারের শিক্ষার্থী সদস্যের কাছে এ এক মহার্ঘ আয়োজন। প্রথম আলোর পড়াশোনা পাতাই সর্বপ্রথম সৃজনশীল নিয়ে নিয়মিত আলোচনা করে আসছে। এসএসসি, এইচএসসি, জুনিয়র স্কুল সার্টিফিকেট, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার আগে আগে ম্যাগাজিন আকারে বিশেষ সংখ্যাগুলো শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়ক হয়ে ওঠে। সারা বছরই শিক্ষার্থীদের জন্য বিষয়ভিত্তিক ধারাবাহিক পাঠ আলোচনা ছাপা হয়, তাদের জন্য খুবই সহায়ক ভূমিকা রাখে। ইংরেজিতে সরগর করতে সপ্তাহে তিন দিন বিবিসি জানালার বিশেষ আয়োজন থাকছে পড়াশোনায়। পাতাটির কলেবর বাড়িয়ে চলতি বছরের মে মাস থেকে পূর্ণ পাতা করা হয়েছে।