বিসমিল্লাহ গ্রুপের অনিয়ম, ১১ ব্যাংক কর্মকর্তাকে নোটিশ
টেরি টাওয়েল (তোয়ালে-জাতীয় পণ্য) উত্পাদক বিসমিল্লাহ গ্রুপের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধানে যমুনা ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপকসহ (এমডি) ১১ কর্মকর্তাকে তলব করে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার এ বিষয়ে অনুসন্ধানকারী দলের প্রধান ও দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা নোটিশ প্রত্যেকের ঠিকানায় পাঠানো হয়। নোটিশ পাওয়া ব্যক্তিদের ২২, ২৩ ও ২৪ এপ্রিল দুদকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে হবে। যাঁদের নামে নোটিশ পাঠানো হয়েছে তাঁরা হলেন, সাবেক এমডি মো. মতিয়ার রহমান, ডিএমডি মো. আবুল শাহজাহান, পাঁচ এসএভিপি মো. মোজারুল হক, মো. মোরশেদুর রহমান, মো. ইউনুস আলী, মো. মহিবুল কবির ও এস এম জাহিদুল ইসলাম, ইভিপি মোহাম্মদ আলী আশরাফ, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এ এস এম মাসউক এবং এক্সিকিউটিভ অফিসার শামীমা আকতার ও মো রেজাউল করিম। অভিযোগ রয়েছে, দেশের পাঁচটি ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে প্রায় ১১০০ কোটি টাকা হাতিয়ে নিয়ে পরিচালক বা প্রতিষ্ঠানের মালিকেরা পলাতক রয়েছেন। এর মধ্যে গ্রুপটি জনতা ব্যাংক থেকে মোট (ফান্ডেড বা ঋণ ও নন ফান্ডেড বা গ্যারান্টি জাতীয়) ৩৯২ কোটি ৫৭ লাখ টাকা, প্রাইম ব্যাংকের এক শাখা থেকেই ৩০৬ কোটি ২২ লাখ টাকা, যমুনা ব্যাংক থেকে ১৬৩ কোটি ৭৯ লাখ টাকা, শাহজালাল ব্যাংক থেকে ১৪৮ কোটি ৭৯ লাখ টাকা ও প্রিমিয়ার ব্যাংক থেকে ৬২ কোটি ৯৭ লাখ টাকা ঋণ হিসেবে হাতিয়ে নিয়েছে।