বিসমিল্লাহ গ্রুপের অনিয়ম তদন্তে শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ
বিসমিল্লাহ গ্রুপের দুর্নীতি অনুসন্ধানে আজ বুধবার শাহজালাল ইসলামী ব্যাংকের পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ নিয়ে গত তিন দিনে ব্যাংকটির মোট ১৫ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হলো। যে সব কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁরা হলেন, ব্যাংকটির ইস্কাটন শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. গোলাম ওহাব, ভাইস প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন আহমেদ, সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম, প্রথম সহকারী ভাইস প্রেসিডেন্ট মনির হোসাইন ও এসইও মো. নাজিরুল ইসলাম। দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল তাঁদের জিজ্ঞাসাবাদ করে। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে জিজ্ঞাসাবাদ করা হয় ওই ব্যাংকের একই শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আনিসুল কবির, সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. রেজাউল কবির, সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. রেজাউর রহমান, এমটিও হোসাইন আহমেদ ও জুনিয়র নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ মজুমদারকে। গত সোমবার ওই ব্যাংকের আরও পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। গত ফেব্রুয়ারিতেও জনতা ব্যাংকের মোট ১৬ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগ সূত্র জানায়, অর্থ আত্মসাতের অভিযোগে বিসমিল্লাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খাজা সোলেমান আনোয়ার চৌধুরী এবং তাঁর স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নওরীন হাসিবকে জিজ্ঞাসাবাদের জন্য শিগগিরই নোটিশ পাঠানো হবে। অভিযোগ রয়েছে, বিসমিল্লাহ গ্রুপের মালিক জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া প্রতিষ্ঠানের নামে ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ নেন। কিন্তু ওই ঋণের বিপরীতে বিদেশ থেকে গ্রুপটি কোনো পণ্য আমদানি করেনি। প্রায় ১১০০ কোটি টাকা হাতিয়ে নিয়ে প্রতিষ্ঠানের মালিকেরা দেশের বাইরে চলে গেছেন। দুদকের কাছে আসা অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রাইম ব্যাংকের ৩৮০ কোটি, শাহজালাল ব্যাংকের ১৪৯ কোটি, প্রিমিয়ার ব্যাংকের প্রায় ৮০ কোটি, জনতা ব্যাংকের ৪০০ কোটি, সাউথ-ইস্ট ব্যাংকের ২৭ কোটি ও যমুনা ব্যাংকের কাছ থেকে ১৬৪ কোটি টাকা ঋণ নিয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে বেনামে ব্যাংকগুলোর সঙ্গে ঋণ চুক্তি করে।