বিসমিল্লাহসহ তিন প্রতিষ্ঠানের ১২ কর্মকর্তাকে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেরি টাওয়েল (তোয়ালে জাতীয় পণ্য) উৎপাদক বিসমিল্লাহ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে বিসমিল্লাহ গ্রুপসহ তিন প্রতিষ্ঠানের ১২ কর্মকর্তাকে তলব করে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ বিষয়ে অনুসন্ধান দলের প্রধান ও দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা নোটিশ সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়ি ও বাসার ঠিকানায় পাঠানো হয়।নোটিশ পাওয়া ব্যক্তিরা হলেন নেটওয়ার্ক ফ্রেইট সিস্টেম লিমিটেডের চেয়ারম্যান মো. আকতার হোসেন, টিডব্লিউ এক্সপ্রেস ও ফরিদপুর শিপিং লাইনের মালিক মো. মাইনুদ্দিন, বিসমিল্লাহ গ্রুপের চেয়ারম্যান নওরীন হাসিব, ছয় পরিচালক আবিদা হাসিব, নাহিদ আনোয়ার খান, সারওয়ার জাহান, খন্দকার মো. মঈনউদ্দিন ইসহাক, সফিকুল আনোয়ার চৌধুরী ও মো. মাইনুদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক খাজা সোলেমান আনোয়ার চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক আকবর আজিজ মুত্তাকী এবং সিনিয়র ম্যানেজার (হিসাব) মো. আবুল হোসেন চৌধুরী।অভিযোগ রয়েছে, দেশের পাঁচটি ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে প্রায় ১১০০ কোটি টাকা হাতিয়ে নিয়ে পরিচালক বা প্রতিষ্ঠানের মালিকেরা পালিয়ে গেছেন। নোটিশ পাওয়া বিসমিল্লাহ গ্রুপের কজন সাড়া দেন, সেটাই দেখবে দুদক। বিসমিল্লাহ গ্রুপ জালিয়াতি করে জনতা ব্যাংক থেকে মোট ঋণ নিয়েছে ৩৯২ কোটি ৫৭ লাখ টাকা। এ ছাড়া প্রাইম ব্যাংকের এক শাখা থেকেই ৩০৬ কোটি ২২ লাখ টাকা, যমুনা ব্যাংক থেকে ১৬৩ কোটি ৭৯ লাখ, শাহজালাল ব্যাংক থেকে ১৪৮ কোটি ৭৯ লাখ ও প্রিমিয়ার ব্যাংক থেকে ৬২ কোটি ৯৭ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।বিসমিল্লাহ গ্রুপের অন্য দুই প্রতিষ্ঠান হচ্ছে বিসমিল্লাহ টাওয়েলস ও আলফা কম্পোজিট টাওয়েলস। আলফা ২০১২ সালের ২৪ এপ্রিল থেকে ২৭ জুন পর্যন্ত প্রাইম ব্যাংকের মতিঝিল শাখা থেকে ৯২ কোটি ৫৯ লাখ টাকার ৮২টি রপ্তানি বিলের বিপরীতে ২৮ কোটি ৭১ লাখ টাকা ঋণ নিয়েছে। একইভাবে বিসমিল্লাহ ২৭ মে থেকে ১১ জুলাই পর্যন্ত ৮৬ কোটি ৬৮ লাখ টাকার ৬১টি রপ্তানি বিলের বিপরীতে প্রাইম ব্যাংক থেকে ২৬ কোটি ৭১ লাখ টাকা ঋণ নেয়।