বিসর্জনে শেষ দুর্গোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকঢোলের বাদনের সঙ্গে ‘দুর্গা মা কি জয়, মহামায়া কি জয়, আদ্যাশক্তি দেবী দুর্গা কি জয়’ ধ্বনিতে বিজয়া দশমীর ঐতিহ্যবাহী শোভাযাত্রা ছিল মুখর। এই মুখরতার মধ্য দিয়েই গতকাল বুধবার সনাতন ধর্মাবলম্বীরা বিসর্জন দিয়েছেন দেবী দুর্গাকে। সেই সঙ্গে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব।প্রতিবারের মতো এবারও শতাধিক প্রতিমা বিসর্জন দেওয়া হয় বুড়িগঙ্গা নদীতে। বিসর্জনে অংশ নিয়ে ভক্তরা বলেন, মর্ত্যে অবস্থানকালে দেশের লাখো সনাতন ধর্মাবলম্বী ভক্তের পুষ্পাঞ্জলিতে সিক্ত হয়েছেন মা দুর্গা। তাই ঢাকঢোল বাজিয়ে দেবীকে বিদায় জানানো হয়েছে।আশুলিয়ার তুরাগ নদেও এবার নিয়ে চতুর্থবারের মতো প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ ছাড়া কক্সবাজার সমুদ্রসৈকতসহ দেশের প্রতিটি জেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় সর্বজনীন এই উৎসব।গত শনিবার বোধনে ‘অরুণ আলোর অঞ্জলি’ নিয়ে আনন্দময়ী মা উমাদেবী গজে চড়ে ভক্তকুলের মাঝে আসেন। টানা পাঁচ দিন মৃণ্ময়ীরূপে মণ্ডপে মণ্ডপে পূজা গ্রহণ করে দোলায় চড়ে ফিরে গেলেন কৈলাসে স্বামী মহাদেব শিবের সান্নিধ্যে। তাই ভক্তদের মনে ভর করেছে বিষাদের ছায়া। কিন্তু তাতে কী! বিদায়বেলায় মাকে তো আর অশ্রুনয়নে বিদায় দেওয়া যায় না! সে জন্যই নেচে-গেয়ে আর সিঁদুর খেলে তারপরই মণ্ডপ থেকে নামানো হলো পূজার মঙ্গলঘট। দেওয়া হলো বিসর্জন। সন্ধ্যায় রাজধানীর বুড়িগঙ্গা তীরের ওয়াইজ ঘাটে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। গতকাল সকাল সাতটা ৫৫ মিনিটের মধ্যে দেবী বিসর্জনের লগ্ন শুরু হয়। ফলে সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল নামে। অবিরাম উলুধ্বনি, ঢাকের বাদ্য, নাচ আর সিঁদুর খেলায় মুখর হয়ে ওঠে মণ্ডপ প্রাঙ্গণ। ধান, দূর্বা, মিষ্টি আর আবির দিয়ে দেবীকে বিদায় জানান ভক্তরা। একদিকে বিদায়ের সুর, অন্যদিকে উৎসবের আমেজ। ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশন এবং তাঁতীবাজার, শাঁখারীবাজার, স্বামীবাগসহ বিভিন্ন এলাকার মণ্ডপে চলে আবির উৎসব।বিজয়ার শোভাযাত্রায় অংশ নিতে দুপুরের পরই রাজধানীর বিভিন্ন এলাকার পূজামণ্ডপ থেকে ভক্তরা ট্রাক ও ঠেলাগাড়িতে করে প্রতিমা নিয়ে সমবেত হতে শুরু করেন পলাশীর মোড়ে। বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমা বহন করে আনা ট্রাকগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায় রাস্তায়। প্রতিটি ট্রাকে প্রতিমার সঙ্গে ছিলেন উৎফুল্ল্ল নারী-পুরুষ। তাঁরা নেচে-গেয়ে শোভাযাত্রাকে বর্ণিল করে তোলেন। বিজয়া শোভাযাত্রা উদ্বোধন করেন মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তম। নেতৃত্ব দেন অধ্যাপক দুর্গাদাস ভট্টাচার্যসহ মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নেতারা।ট্রাকবাহী প্রতিমাসহ ভক্ত নারী-পুরুষ ও শিশু-কিশোর হেঁটে এবং বিভিন্ন ধরনের যানবাহনে করে শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে সবশেষে বুড়িগঙ্গার ওয়াইজ ঘাটে গিয়ে পৌঁছায়। হাজার হাজার ভক্তের উপস্থিতি আর ঢাকের শব্দের সঙ্গে কাঁসার ঘণ্টা বাজিয়ে নৌকায় করে প্রতিমাগুলো বুড়িগঙ্গায় বিসর্জন দেওয়া হয়। অনেকে প্রতিমা বিসর্জনের সময় নৌকায় করে নদীতে আনন্দ-উৎসব করে।শুভেচ্ছা: বিজয়া দশমী উপলক্ষে গতকাল ছিল সরকারি ছুটি। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলো প্রচার করে বিশেষ অনুষ্ঠানমালা। সংবাদপত্রগুলো প্রকাশ করে বিশেষ সংখ্যা ও নিবন্ধ। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান দুর্গাপূজা উপলক্ষে গতকাল হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় গুরু, কূটনীতিক এবং পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির গৌরবময় ঐতিহ্য। এই ঐতিহ্যকে সমুন্নত রেখে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।