বিসিএস পরীক্ষা ছাড়াই ক্যাডারভুক্ত হচ্ছেন ১৩৬২ চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্থায়ী (অ্যাডহক) নিয়োগ পাওয়া এক হাজার ৩৬২ জন চিকিৎসককে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এর জন্য তাঁদের সরকারি কর্মকমিশনের (পিএসসি) অধীনে কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না। একই সঙ্গে তাঁদের চাকরিতে যোগদানের দিন থেকেই জ্যেষ্ঠতা দেওয়া হবে। এর জন্য ১৯৮১ সালের সরকারি কর্মচারী নিয়োগ বিধিমালায় (বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুলস) নতুন একটি অনুচ্ছেদ সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।গত ২০ মার্চ প্রশাসনসংক্রান্ত সচিব কমিটির বৈঠকে সরকারি কর্মচারী নিয়োগ বিধিমালায় নতুন এই অনুচ্ছেদটি অনুমোদন করা হয়েছে। প্রস্তাবিত ১২ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ১৯৮৬ সালের ১৭ মের আগে ইন সার্ভিস ট্রেইনি হিসেবে এবং ২০১১ সালের ২৮ ফেব্রুয়ারির আগে যাঁরা অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পেয়েছেন, তাঁরা বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিবেচিত হবেন।স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসকদের অভিযোগ, নিয়োগ পাওয়ার দিন থেকে এই চিকিৎসকদের ক্যাডারভুক্ত করা হলে পিএসসির পরীক্ষায় পাস করা স্বাস্থ্য ক্যাডারের (পঞ্চম থেকে ১৩তম) চিকিৎসকদের পদোন্নতি তিন থেকে পাঁচ বছর পিছিয়ে যাবে। ইন সার্ভিস ট্রেইনি ও অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকেরা বিসিএস স্বাস্থ্য ক্যাডারের সদস্যদের থেকে জ্যেষ্ঠ হয়ে যাবেন। এতে স্বাস্থ্য খাতের কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দিতে পারে। কারণ হিসেবে তাঁরা বলেন, এ পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডারের সদস্য আছেন প্রায় ১৪ হাজার। এঁদের পদোন্নতি পিছিয়ে যাবে এবং অস্থায়ী নিয়োগ পাওয়া চিকিৎসকেরা তাঁদের জ্যেষ্ঠ হয়ে যাবেন।১৩তম স্বাস্থ্য ক্যাডারের একজন চিকিৎসক প্রথম আলোকে বলেন, ‘একটি উন্নয়ন প্রকল্পের আওতায় ১৯৯৩ সালের ৩১ মে আমাকে নিয়োগ দেওয়া হয়। পরে বিসিএস পরীক্ষা দিয়ে ক্যাডার হিসেবে আমি আনুষ্ঠানিকভাবে চাকরিতে যোগ দিই ১৯৯৪ সালের ২৫ এপ্রিল। আমার সঙ্গে ওই প্রকল্পে থাকা বাকি ১৯ জনের কেউই পরীক্ষা দিয়ে ক্যাডারভুক্ত হতে পারেননি। এখন যদি তাঁদের ক্যাডারভুক্ত করা হয়, তাহলে তাঁরা আমার জ্যেষ্ঠ হয়ে যাবেন এবং আমার আগেই তাঁরা পদোন্নতি পাবেন।’অষ্টম বিসিএসের একজন চিকিৎসক বলেন, এই অনুচ্ছেদ সংযোজন ও তা কার্যকর হলে পিএসসির মেধাযাচাই অর্থহীন হয়ে পড়বে।যোগাযোগ করা হলে মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব আলী ইমাম মজুমদার প্রথম আলোকে বলেন, সরকার যেকোনো বিধি পরিবর্তন করতেই পারে। তবে এ ক্ষেত্রে নৈতিক দিকটাও দেখা উচিত। অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে। এ ক্ষেত্রে ক্যাডারভুক্ত অনেকে পিছিয়ে পড়েন।তবে সংস্থাপন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ক্যাডারভুক্ত হতে যাওয়া এসব কর্মকর্তার পদোন্নতি পাওয়ার সুযোগ খুব একটা থাকবে না। কারণ এঁদের অনেকেরই চাকরির বয়স শেষ হয়ে এসেছে। অবসরকালীন সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্যই তাঁদের ক্যাডারভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।এ বিষয়ে স্বাস্থ্যসচিব মুহম্মদ হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, এই উদ্যোগের ফলে স্বাস্থ্য খাতে কিছুটা জটিলতা দেখা দিতে পারে। কেউ কেউ ক্ষতিগ্রস্ত হতে পারেন, কারও ক্ষেত্রে পদোন্নতি পিছিয়ে যেতে পারে। তবে তা হবে সাময়িক। যেসব ব্যক্তিকে ক্যাডারভুক্ত করা হচ্ছে, তাঁদের অনেকেরই চাকরির মেয়াদ শেষ হয়ে এসেছে। তাই স্বাস্থ্য খাতে খুব বেশি সমস্যা হবে না।জানা যায়, তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে গুরুত্ব অনুযায়ী, অনেক সময় সরকার অস্থায়ী ভিত্তিতে সহকারী সার্জন বা মেডিকেল কর্মকর্তা নিয়োগ দেয়। তাঁদের চাকরি অনেক সময় নিয়মিতও করা হয়। তবে তাঁরা ‘নন-ক্যাডার’ কর্মকর্তা হিসেবে বিবেচিত হন।পিএসসির পরীক্ষা ছাড়াই ক্যাডার!: ১৯৮০ সালের ১ সেপ্টেম্বর বিসিএস (স্বাস্থ্য) গঠন ও ক্যাডার বিধিমালা জারি করে আট হাজার ৩১২টি ক্যাডার পদ সৃষ্টি করে সরকার। সে সময় পিএসসির অধীনে পরীক্ষা দিয়ে চিকিৎসক নিয়োগের বিধান না থাকায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া কর্মকর্তাদেরই নিয়মিত করা হয়।স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ১৯৮২ সালের ২৫ জানুয়ারি থেকে ১৯৮৬ সালের ১৭ মে পর্যন্ত মোট ছয় হাজার ৩৭ জনকে ইন সার্ভিস ট্রেইনি হিসেবে নিয়োগ দেওয়া হয়। সে সময়কার বিভিন্ন নথি ঘেঁটে দেখা গেছে, এই চিকিৎসকদের ছয় মাসের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। এঁদের নিয়োগপত্রে উল্লেখ ছিল, পরবর্তীকালে পিএসসির মাধ্যমে তাঁদের ক্যাডারভুক্ত হতে হবে।কিন্তু চার হাজার ৬৭৫ জন পরবর্তী সময়ে বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে ক্যাডারভুক্ত হন। বাকি এক হাজার ৩৬২ জন বিসিএস পরীক্ষা দেননি বা উত্তীর্ণ হতে পারেননি। এখন বিধিমালা সংশোধন করে এঁদের ক্যাডারভুক্ত করা হচ্ছে।এ বিষয়ে স্বাস্থ্যসচিব বলেন, ‘এঁদের কেউ কেউ অযোগ্য হতে পারেন, কিন্তু সবাই অযোগ্য নন। এঁদের অনেকেরই সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমাসহ বড় বড় ডিগ্রি আছে।’প্রস্তাবে তথ্যগত অসংগতি: সংস্থাপন মন্ত্রণালয়কে দেওয়া স্বাস্থ্যসচিবের প্রস্তাবে বলা হয়েছে, অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া চিকিৎসকেরা সবাই রাজস্ব খাতভুক্ত ছিলেন। তাই তাঁদেরকে চাকরিতে যোগদানের দিন থেকে নিয়মিত ও জ্যেষ্ঠতা নির্ধারণ করা উচিত।তবে এ-সংক্রান্ত নথি পর্যালোচনা করে দেখা গেছে, এই চিকিৎসকদের মধ্যে কয়েক শ জন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অধীনে নিয়োগ পেয়েছিলেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, উন্নয়ন প্রকল্পে নিয়োগের শর্ত হচ্ছে, প্রকল্প শেষ হলে তাঁদের চাকরিও শেষ হয়ে যায়। অবশ্য প্রকল্প শেষ হওয়ার পর সরকার চাইলে তাঁদের অন্য প্রকল্পে নিয়োগ দিতে পারে। পরবর্তী সময়ে অনেকে নিজেদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করতে সক্ষম হয়েছিলেন।স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, এক হাজার ৩৬২ জন চিকিৎসকের মধ্যে ৭৭৯ জনকে ২০০৫ সালের ৩ জুলাই দ্য রেগুলারাইজেশন অব অ্যাডহক অ্যাপয়েন্টমেন্ট রুলস, ১৯৮৩ ও অ্যাডহক চাকরি গণনা (জ্যেষ্ঠতা নির্ধারণ) বিধিমালা, ১৯৯০ অনুযায়ী নিয়মিত করা হয়েছে। কিন্তু সে সময় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পিএসসিতে যে চিঠি পাঠানো হয়েছিল, তাতে এসব কর্মকর্তাকে ‘অ্যাডহকভিত্তিক নিযুক্ত কর্মচারী নিয়মিতকরণ বিধিমালা, ১৯৯৪’ অনুযায়ী নিয়মিত করা যেতে পারে বলে উল্লেখ করা হয়েছিল।এ বিষয়ে স্বাস্থ্যসচিব বলেন, চাকরি নিয়মিতকরণের ক্ষেত্রে পিএসসি কিছু নিয়ম মেনে চলে। প্রকল্পের অধীনে নিয়োগপ্রাপ্তদের পিএসসি নিয়মিত করে না। কোন আইনে নিয়মিত করা হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে তিনি নথি না দেখে মন্তব্য করতে রাজি হননি।যোগদানের দিন থেকে জ্যেষ্ঠতা: বাংলাদেশ সরকারি কর্মচারী নিয়োগ বিধিমালায় প্রস্তাবিত অনুচ্ছেদটি সংযোজিত হলে এক হাজার ৩৬২ জন কর্মকর্তা তাঁদের নিয়োগ পাওয়ার দিন থেকেই জ্যেষ্ঠতা পাবেন।অথচ অ্যাডহক চাকরি গণনা (জ্যেষ্ঠতা নির্ধারণ) বিধিমালা, ১৯৯০ অনুযায়ী তাঁরা এই সুবিধা পেতে পারেন না। ওই বিধিতে বলা আছে, নিয়মিতভাবে নিযুক্তির জন্য পিএসসির পরীক্ষা বা সাক্ষাৎকারে প্রথমবারেই সুপারিশ লাভে ব্যর্থ হওয়া কর্মকর্তা উল্লিখিত সুবিধা পাবেন না।