বিসিএস পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে আদালতে যাবেন বঞ্চিতরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৩তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে না পারলে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন আবেদন প্রক্রিয়া শেষ করতে না পারা প্রার্থীরা। এ নিয়ে তাঁরা বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ আন্দোলনেরও ঘোষণা দিয়েছেন। আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীরা এ ঘোষণা দেন। প্রার্থীদের অভিযোগ, টেলিটক ও পিএসসির ব্যর্থতার কারণেই তাঁরা আবেদন করতে পারেননি। কাজেই এর দায় তাদেরই নিতে হবে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আতিকুর রহমান। এ সময় ইসমত আরা, রাইসুল ইসলাম, এজাজুল আল ইমরান, তারেক রহমানসহ অর্ধশত প্রার্থী উপস্থিত ছিলেন। আরিফুর রহমান বলেন, ‘পিএসসি বলছে যারা নির্ধারিত সময়ে টাকা জমা দিতে ব্যর্থ হয়েছে তাদের বিষয়টি আমলে নেওয়ার সুযোগ নেই। কিন্তু এখানে ব্যর্থ কে? আমরা তো নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করেছি। কিন্তু পিএসসি ও টেলিটক আমাদের নির্ধারিত সময়ে পাসওয়ার্ড দিতে পারেনি। টাকা কাটতে পারেনি। এই দায় কেন আমাদের নিতে হবে।’ পরীক্ষার্থীরা বলেন, বাংলাদেশে কয়জনের টেলিটক আছে? এ দেশে সব জায়গায় কি ইন্টারনেট সহজলভ্য? আর সব সময়ই কি বিদ্যুত্ই পাওয়া যায়? এর সবগুলোর উত্তরই না। কাজেই আবেদন প্রক্রিয়া শেষ করতে গিয়ে আমাদের কী ভোগান্তি হয়েছে, সেটা আমরাই জানি। যাদের টেলিটক আছে তাঁদের নম্বর ধার করতে হয়েছে। ইন্টারনেট লাইন পেতে সমস্যা হয়েছে। সবচেয়ে বড় বিষয় প্রায়ই টেলিটক ও পিএসসির ওয়েবসাইট কাজ করত না। বিশেষ করে শেষ দুই দিনে আমাদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। ইসমত আরা বলেন, ‘পিএসসি বলছে আমরা নাকি অসচেতন। কিন্তু দোষটা কি আমাদের? শেষ দুই দিনে কেন টেলিটক কাজ করল না? কেন বারবার টাকা পাঠানোর বার্তা পাঠানোর পরও টাকা কাটল না?সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ‘যেহেতু নির্ধারিত সময় ছিল ৭ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত—কাজেই এই সময়ের মধ্যে যাঁরাই আবেদন করবেন তাঁদের প্রক্রিয়া শেষ করার দায়িত্ব পিএসসি ও টেলিটক কর্তৃপক্ষের। কিন্তু তারা সেটি করতে ব্যর্থ হয়ে এখন আমাদের ওপর দায় চাপাচ্ছে।’ সংবাদ সম্মেলনে পরীক্ষার্থীরা বলেন, ‘আমাদের একটিই দাবি আমাদের পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হোক। আর সেটি করা না হলে আমরা আদালতে যাব। প্রয়োজনে বিক্ষোভ মিছিল কিংবা পিএসসি ঘেরাও করব।’চার হাজার ২০০ ছয়টি শূন্য পদে নিয়োগের জন্য এ বছরের ২৯ ফেব্রুয়ারি ৩৩তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করা হয়। এবারই প্রথমবারের মতো অনলাইন পদ্ধতিতে বিসিএসের আবেদনপত্র নিচ্ছে পিএসসি। গত ৮ মার্চ সকাল ১০টা থেকে আবেদনপত্র জমাদান শুরু হয়ে ৭ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলে। তবে শেষ কয়েক দিনে টেলিটকে টাকা পাঠাতে ভোগান্তির শিকার হন অনেক প্রার্থী। শেষ পর্যন্ত সাড়ে ১১ হাজার প্রার্থী প্রক্রিয়া শেষ করতে পারেননি। তবে পিএসসি বলেছে, এই বিষয়ে তাদের কিছুই করার নেই।