বিসিএসের দীর্ঘসূত্রতা কমানোর ঘোষণা পিএসসি চেয়ারম্যানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএস পরীক্ষার দীর্ঘসূত্রতা আরও কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান এ টি আহমেদুল হক চৌধুরী।অনলাইনে ৩৩তম বিসিএসের আবেদনপত্র গ্রহণ ও নিবন্ধন-সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে আজ শনিবার তিনি এ কথা বলেন। রাজধানীতে পিএসসির প্রধান কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সব সদস্য ও সচিব উপস্থিত ছিলেন।আহমেদুল হক বলেন, দীর্ঘসূত্রতা কমিয়ে আনতে ৩৩তম বিসিএসের আবেদনপত্র অনলাইনে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। আগে আবেদনপত্র মুদ্রণ, জমা নেওয়া ও যাচাই-বাছাই করতে দীর্ঘ সময় লেগে যেত। এ ছাড়া ব্যাংক থেকে একই সিরিয়ালে আবেদনপত্র নিয়ে পাশাপাশি বসে অসদুপায় অবলম্বনের সুযোগ ছিল। এসব বন্ধ করতেই এ প্রক্রিয়া। এতে ফল প্রকাশের ক্ষেত্রে পাঁচ-ছয় মাস কম লাগবে। ভবিষ্যতে বিসিএসের ফলাফল মুঠোফোনে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে বলে আহমেদুল হক জানান।