বিসিএসের ফরম তোলায় ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি...’—অঞ্জন দত্তের এই গানটি বোধ হয় অনেকেই জানেন। কিন্তু এই দুর্মূল্যের নগরে চাকরি পাওয়া যে কত কঠিন তা কর্মহীনেরাই জানেন। কয়েক দিন আগেই বাংলাদেশ সরকারি কর্মকমিশনে (বিসিএস) চাকরির আবেদনপত্র চাওয়া হয়েছে। ৩০তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র জমা দেওয়া যাবে ২০ এপ্রিল পর্যন্ত। তাই তো চাকরিপ্রার্থীরা সময় থাকতে থাকতেই ফরম কেনার জন্য ছুটতে শুরু করেছেন পার্শ্ববর্তী সোনালী ব্যাংকের শাখায়। কিন্তু সরকারি ব্যাংকে ফরম তুলতে গিয়েও ভোগান্তির শিকার হতে হচ্ছে তাঁদের। ফরম তোলার কাউন্টারে অব্যবস্থাপনার কারণে এই গরমে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চাকরিপ্রার্থীদের। সেই সঙ্গে যোগ হয়েছে ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে ব্যাংকের বাইরে থেকে চালান ফরম ও খাম বিক্রির কাজটিও।১৩ এপ্রিল সোনালী ব্যাংকের ফার্মগেট শাখায় গিয়ে দেখা গেল, ব্যাংকের প্রধান ফটক বন্ধ। কলাপসিবল গেটে ঝুলছে তালা। অথচ ব্যাংকের ভেতর বহু মানুষ। একটু সামনে এগিয়ে বোঝা গেল, পাশের ছোট্ট পকেট গেটটি খোলা রয়েছে। পকেট গেটে মানুষের ভিড় বাঁচিয়ে ভেতরে পা রাখতেই চোখে পড়ল খামের বিকিকিনি। ছোট ছোট টুলের ওপর কাগজের খামগুলো সাজিয়ে রাখা হয়েছে। দরজা দিয়ে ভেতরে ঢোকামাত্রই ‘খাম নিয়া যান, ১০ টাকা’ বলে হাত ধরে একপ্রকার টানাটানি শুরু করল কয়েকজন। বিষয়টি কী বোঝার জন্য খামটি হাতে নিয়ে নেড়েচেড়ে দেখা গেল, বাঁশপাতার একটি এ-ফোর আকৃতির খাম। আর দশটি খামের মতোই এই খামেও বাঁ পাশে প্রেরক আর ডান পাশে প্রাপক লেখা। এই খাম কেন ১০ টাকা দিয়ে কিনতে হবে? এ প্রশ্ন মাথায় আসতে না-আসতেই পাশের টুল থেকে আরও একটি খাম এগিয়ে দেওয়া হলো এই বলে যে ‘এই খামে ঠিকানা লেখা/ঠিকানা লেখা খাম ১৫ টাকা’। সোনালী ব্যাংকের দরজার সামনে বসেই চলছিল খামের বেচাকেনা। শুধু খামই নয়, এদের কাছেই পাওয়া যাচ্ছিল চালান ফরম! প্রতিটি চালান ফরমসহ খাম আবার ২০ টাকা করে বিক্রি করছিল তারা। সোনালী ব্যাংকের নিচে বসে চালান ফরম বিক্রি করা রাকিব বলছিল, এই ফরমগুলো তারা ব্যাংক থেকে এনে বিক্রি করছে। নিরুপায় হয়ে অনেকেই তাদের কাছ থেকেই এই ফরমগুলো কিনছিলেন।খামের বাজার পেরিয়ে ব্যাংকের সরু সিঁড়িতে পা দিতেই শোনা গেল কলরব। ছোট্ট ব্যাংকটির সর্বত্রই গিজগিজ করছে মানুষ। সবাই এসেছেন ৩০তম বিসিএস পরীক্ষার আবেদন ফরম কিনতে। ইডেন কলেজের শিক্ষার্থী শারমিন বলছিলেন, ‘সকালবেলা বের হয়েছি। দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে কেবল ফরমটা হাতে পেলাম। এখনো তো অনেক কাজ বাকি।’ ফরম তুলতে আসা প্রত্যেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় ছিলেন, কখন হাতে আসবে আবেদনপত্রটি। কিন্তু ব্যাংকে গিয়ে দেখা গেল, ফরম তুলতেই চার-পাঁচটা লাইন। কোনটা আসল লাইন আর কোনটা নকল, সে বিচার না করে তাই লাইনে দাঁড়ানোই শ্রেয় বলে জানালেন ইমরান নামের একজন। লাইনের সামনের একজনকে দেখিয়ে তিনি বললেন, ‘ওই যে টাকমাথা লোকটাকে দেখছেন না, একটু আগে আমার কাছেই জিজ্ঞেস করেছিল, লাইন কোনটা? এখন দেখেন, সে আমার কত আগে দাঁড়িয়ে আছে।’ ব্যাংকের ভেতরে লাইন যাতে সুশৃঙ্খল থাকে, সে জন্য দু-তিনজন পুলিশও দেখা গেল। তার পরও লাইন চলছে লাইনের মতোই এঁকেবেঁকে।কয়েকজন তো আবার লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে পরিশ্রান্ত হয়ে ব্যাংকের মধ্যকার চেয়ার, টেবিল ও বেঞ্চে মাথা রেখে ঝিমুচ্ছেন, এ দৃশ্যও দেখা গেল। তবে প্রতিবার ফরম তোলার এই ভোগান্তি একেবারেই নিরর্থক বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী শাহীন। তিনি বলেন, এভাবে কষ্ট করে ফরম তোলার কোনো মানে হয় না। কর্মকমিশন ইচ্ছা করলেই ইন্টারনেটের মাধ্যমে ফরম দেওয়ার ব্যবস্থা করতে পারে।পাশ থেকে আরেকজন চেঁচিয়ে বললেন, ‘আরে মিয়া, চাকরি পাওয়া তো এত সহজ না।’ তাই তো খালি লাইনে দাঁড়িয়ে ফরম তুললেই সব কাজ শেষ হয়ে যায় না। ফরম তোলার পরের হ্যাপা হচ্ছে চালান ফরমের মাধ্যমে সেটি পিএসসিতে পাঠানোর উপযোগী করা। আবেদনপত্র তোলার পর চালান ফরমের খোঁজ করায় রেজাউল রুমী নামের এক যুবককে ব্যাংকের নিচে গিয়ে যোগাযোগ করতে বলা হয়। ‘ব্যাংকের নিচে কোথায়?’ তাঁর এই প্রশ্নের জবাবে কর্তব্যরত ব্যাংক কর্মকর্তা তাঁকে যেখান থেকে খাম কিনেছেন, সেখানে গেলেই চালান ফরম পাওয়া যাবে বলে জানান। অথচ বাংলাদেশ ব্যাংকের সূত্রমতে, ঢাকা শহরের মধ্যে সোনালী ব্যাংকের ৫৫টি শাখায় ৩০তম বিসিএসের আবেদন ফরম পাওয়া যাচ্ছে। প্রতিটি ফরমের সঙ্গেই দরকারি কাগজপত্র, চালান ফরম—সবকিছুই তারা পাঠিয়ে দিয়েছে। প্রায় একই কথা শোনালেন সোনালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (গভর্নমেন্ট অ্যাকাউন্টস অ্যান্ড সার্ভিসেস ডিভিশন) জলিল উদ্দিন। তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি থেকে চালান ফরম আমাদের পর্যাপ্ত পরিমাণে পাঠানো হয়। যদি কোনো ব্যাংকের কর্মকর্তারা ফরম বিক্রির সঙ্গে জড়িত থাকেন, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ চালান ফরম লেনদেনে কোনো ঝামেলা না করলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে অবস্থিত সোনালী ব্যাংকের শাখায় গিয়েও প্রতি ফরমে ২০৫ টাকা করে নিতে দেখা গেল। ফরমের দাম ২০০ টাকা আর খামের দাম পাঁচ টাকা করে হিসাব করছেন তাঁরা। তবে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান বলেন, খাম কেনাটা বাধ্যতামূলক নয়। যারা খাম নিতে চাচ্ছেন কেবল তাঁদেরই খামের মূল্য বাবদ বাড়তি পাঁচ টাকা দিতে হচ্ছে।