বিসিবিই হোয়াইটওয়াশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা সাধারণ দর্শক। ক্রিকেট হয়তো খুব একটা বুঝি না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সব বড় বড় মাথা। আমাদের চেয়ে ক্রিকেটটা তাঁরা হাজার গুণ বেশি তো বোঝেন অবশ্যই। তবে আমরা এতটুকু বুঝি, ক্রিকেটে ‘কন্ডিশন’ এবং এর সঙ্গে ‘মানিয়ে নেওয়া’র ব্যাপারটা যেকোনো সিরিজের আগে বেশ গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ বলেই কিছুদিন পর বাংলাদেশ সফরে আসার অপেক্ষায় থাকা ইংল্যান্ড প্রথম আন্তর্জাতিক ম্যাচটা খেলার আগে খেলে নেবে দুটো প্রস্তুতি ম্যাচ। এরপর তাদের প্রস্তুতি ম্যাচ আছে আরও একটি।বাংলাদেশ কি ইংল্যান্ডের চেয়েও বড় দল? নাকি অভিজ্ঞতায় পরিপূর্ণ? হবে হয়তো! না হলে নিউজিল্যান্ড সফরে যাওয়া দলটার সেখানকার কন্ডিশনে মানিয়ে নেওয়ার বিষয়টি কেন মাথায় রাখলেন না বিসিবির কর্তাব্যক্তিরা? বাংলাদেশের ঠিক উল্টো একটা কন্ডিশনে গিয়ে দল কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়াই খেলতে নেমে গেল মাঠে! অথচ তরুণ-অনভিজ্ঞ দল হওয়ায় বাকি সব দলের চেয়ে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ খেলা উচিত আরও বেশি। তার পরও র্যাঙ্কিংয়ে অবস্থান তাদের যেখানেই হোক, নিজেদের মাঠে এই নিউজিল্যান্ড গত আটটি টেস্ট সিরিজের ছয়টিতেই অপরাজিত; গত নয়টি ওয়ানডে সিরিজে হেরেছে কেবল ভারতের কাছে।প্রস্তুতি ম্যাচের আয়োজনের দায়িত্বটা হয়তো স্বাগতিকদেরই। হয়তো বাংলাদেশ ‘অনাহূত অতিথি’ বলে এফটিপির দায় সারতেই টাকার অঙ্কে অলাভজনক সিরিজটা কোনো রকমে পার করে দেওয়ার তাড়া থাকে স্বাগতিকদের। কিন্তু এখানেই তো আসল কূটনৈতিক দক্ষতার পরিচয় দিতে হবে বিসিবিকে। নাকি তারা ক্রিকেটে প্রতিষ্ঠিত ‘কন্ডিশন’ ধারণাটাকে সেকেলে বলে অবজ্ঞা করতে চায়?নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ দল হোয়াইটওয়াশ হয়নি, হয়েছে আসলে আমাদের ক্রিকেটের নীতিনির্ধারকদের প্রজ্ঞা, দূরদর্শিতা!শারমিন আখতারমোহাম্মদপুর, ঢাকা