বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। আইসিসি আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বাংলাদেশ ২০ মিনিট, ভারত ও শ্রীলঙ্কা ১০ মিনিট করে নিজস্ব অনুষ্ঠান পরিবেশনের সুযোগ পাবে।কিন্তু এর আগের ও পরের দিন (১৬ ও ১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আলাদা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। ‘বিগ শো’ নামের এই অনুষ্ঠানের আয়োজন নিয়ে প্রশ্ন উঠেছে। এতে ভারতীয় শিল্পীদের প্রাধান্য থাকবে বলে জানা গেছে। সুশীল সমাজ, ফেসবুক, ব্লগসহ বিভিন্ন সামাজিক নেটওয়ার্ক, এমনকি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এ নিয়ে সমালোচনা হচ্ছে।আগামী ১৬ ও ১৮ ফেব্রুয়ারির সাংস্কৃতিক অনুষ্ঠান দুটি হবে ঢাকা ও চট্টগ্রামে। এর আয়োজক বিসিবি। বিদেশি বাণিজ্যিক শিল্পীদের এনে ব্যবসা করাই ‘বিগ শো’ নামের এ অনুষ্ঠানের উদ্দেশ্য বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে।উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, ভারতের সালমান খান, অক্ষয় কুমার, গোবিন্দ, ক্যাটরিনা কাইফ, সুস্মিতা সেন, প্রিয়াঙ্কা চোপড়া, মালাইকা অরোরা, সনু নিগম, শান, প্রীতম, রিয়া সেন ও উদিতা গোস্বামীসহ মুম্বাইয়ের ২০০ শিল্পীর সঙ্গে চুক্তি হয়ে গেছে। অনুষ্ঠান দুটি আয়োজন, পরিচালনার জন্য বেসরকারি প্রতিষ্ঠান এটিএন ইভেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে।জানতে চাইলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার বলেন, ‘আমি শুধু ১৭ ফেব্রুয়ারির উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়টি জানি। ১৬ ও ১৮ ফেব্রুয়ারি নিজ উদ্যোগে বিসিবি কী করবে, তা মন্ত্রণালয়ের কেউ জানে না, মন্ত্রণালয়কে জানানো হয়নি।’এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে বিসিবির সভাপতি আ ন হ মোস্তফা কামাল বলেন, ‘সেরিমনিজ কমিটির প্রধান অর্থমন্ত্রীকে জানানো হয়েছে। আলাদা করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে জানাতে হবে কি না, সে বিষয়ে আমার জানা নেই।’মোস্তফা কামাল প্রথম আলোকে আরও বলেন, বিসিবি আয়োজিত অনুষ্ঠানে ভারতীয় শিল্পীদের পরিবেশনাই বেশি থাকবে। বিশেষ করে, ১৮ ফেব্রুয়ারির কনসার্টের পুরোটাতেই ভারতীয় শিল্পীদের অংশগ্রহণ থাকবে। তিনি জানান, এরই মধ্যে এসব শিল্পীর অগ্রিম সম্মানীও দেওয়া হয়েছে। দু-এক দিনের মধ্যে বিশ্বখ্যাত গায়িকা শাকিরা তাঁর আসার বিষয়টি নিশ্চিত করবেন। ভারতীয় শিল্পীদের অংশগ্রহণ নিয়ে যদি সমালোচনা হয়, হোক। স্থানীয় শিল্পীরা তো সব সময়ই অংশ নেন। কনসার্টের টিকিট ৫০০ থেকে দুই হাজার টাকা বলে জানান তিনি।নাম প্রকাশ না করে একজন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব প্রথম আলোকে বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের চোখে বাংলাদেশ হচ্ছে পানিতে ডুবে থাকা দরিদ্র দেশ। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সারা পৃথিবীর কাছে তুলে ধরার একটি বিরল সুযোগ আমাদের সামনে এসেছে। এই সুযোগ কাজে না লাগিয়ে বিসিবি কেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে ভারতের শিল্পীদের দেশে আনার উদ্যোগ নিয়েছে, তা বোধগম্য নয়।’যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠানের সুযোগ কাজে লাগিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য করতেই বিদেশি শিল্পীদের আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত মন্ত্রণালয়কে কিছু জানায়নি বিসিবি।বিসিবির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক নিজাম উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, বিদেশি শিল্পীদের পাশাপাশি দেশি শিল্পীরাও থাকবেন। দুই দিনের অনুষ্ঠানে নাচ-গানসহ নানা পরিবেশনা থাকবে। তবে বিদেশ থেকে কোন কোন শিল্পী আসবেন, তা এখনো ঠিক হয়নি। বেশ কয়েকটি প্রস্তাব রয়েছে, খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ও ১৮ ফেব্রুয়ারির অনুষ্ঠান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।সেরিমনিজ কমিটির সদস্য ও বিসিবির পরিচালক দেওয়ান শফিউল আরেফিন বলেন, ‘বিসিবির সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপারে আমি কিছু জানি না।’