বিসিবির কাছে সংসদীয় কমিটি আয়-ব্যয়ের হিসাব চেয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে বিশ্বকাপ ক্রিকেটের আয়-ব্যয়ের হিসাব চেয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠক থেকে এ হিসাব চাওয়া হয়। কমিটি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে।সভায় সংসদীয় কমিটির সদস্যরা বিশ্বকাপ ক্রিকেট ব্যবস্থাপনায় ব্যাপক অনিয়ম হয়েছে বলে মত দেন। এ জন্য তাঁরা বিসিবির সভাপতি ও সাংসদ আ হ ম মুস্তফা কামালকে দায়ী করেন। সার্বিক বিষয়ে বিসিবির কাছ থেকে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া গেলে এ জন্য পরবর্তী সময়ে তদন্ত কমিটি গঠন করা হতে পারে বলেও বৈঠক সূত্র জানিয়েছে।বৈঠকের পর কমিটির সভাপতি জাহিদ আহসান প্রথম আলোকে বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেট আয়োজনে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনা হয়েছে। বিক্রয়-অযোগ্য প্রেসিডেন্ট বক্সের টিকিট কালোবাজারে বিক্রি হয়েছে। এ টিকিট বিতরণের একমাত্র দায়িত্ব বিসিবির সভাপতির।’সভাপতি জানান, কমিটির সদস্য আখতারুজ্জামান চৌধুরী ও সামশুল হক চৌধুরী কালোবাজার থেকে কেনা প্রেসিডেন্ট বক্সের টিকিটের খণ্ডিত অংশ সভায় উপস্থাপন করেছেন।জাহিদ আহসান জানান, বিশ্বকাপ আয়োজনের সার্বিক বিষয়ে জানার জন্য আজকের সভায় বিসিবির সভাপতি মুস্তফা কামালকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তিনি উপস্থিত হননি। তিনি চিঠি দিয়ে জানিয়েছেন, তাঁর অন্য কাজ আছে। এ বিষয়েই এর আগের কয়েকটি বৈঠকেও তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু বিসিবির সভাপতি সেই বৈঠকেও যোগ দেননি। এ কারণে কমিটির আগামী বৈঠকে উপস্থিত থাকার জন্য তাঁর নামে তলবি নোটিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।বৈঠক সূত্র আরও জানিয়েছে, বিসিবির সভাপতি টি-শার্ট পরে বিশ্বকাপ ক্রিকেটের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বলেও সভায় অভিযোগ তোলা হয়। সদস্যদের মতে, এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।এ বিষয়ে জানার জন্য আজ মুস্তফা কামালের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর দিক থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।