বিসিবির গঠনতন্ত্রের সংশোধনী অবৈধ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্রে জাতীয় ক্রীড়া পরিষদের আনা সংশোধনীকে অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। গত বছরের ২৯ নভেম্বর ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রে সংশোধনী আনা হয়। সংশোধিত গঠনতন্ত্রে তিন শ্রেণীতে ক্রিকেটারদের সরাসরি বিসিবির কাউন্সিলর হওয়ার বিধান রাখা হয়েছে। সভাপতি মনোনীত সাবেক ক্রিকেটার থাকবেন পাঁচজন; এনএসসি মনোনীত ১০ জন ও কোয়াব মনোনীত একজন সাবেক ক্রিকেটার বিসিবির কাউন্সিলর হতে পারবেন।জাতীয় ক্রীড়া পরিষদের আনা ওই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে গত ডিসেম্বরে বিসিবির সাবেক পরিচালক ও স্থপতি মোবাশ্বের হোসেন এবং বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়াসংগঠক পরিষদের সভাপতি ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইউসুফ জামিল (বাবু) হাইকোর্টে আবেদন করেন।প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট ১৩ ডিসেম্বর রুল জারি করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে আদালত আজ রায় দেন।আদালতে রিটের পক্ষে শুনানি করেন মাহবুব শফিক ও কে এম হাফিজুল ইসলাম। অপর পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও শেখ ফজলে নূর তাপস। পরে হাফিজুল ইসলাম প্রথম আলো অনলাইনকে বলেন, জাতীয় ক্রীড়া পরিষদের আনা ওই সংশোধনী অবৈধ বলে রায় দিয়েছেন আদালত। আদালত বলেছেন, ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রে ক্রীড়া পরিষদ সংশোধনী আনতে পারে না।