বিসিবির প্রধান নির্বাহী মনজুর আহমেদ আর নেই
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুর আহমেদ আর নেই । আজ মঙ্গলবার সকালে পুরাতন ডিওএইচএসে নিজ বাসভবনে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সামনে রেখে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিসিবির এক কর্মকর্তা সাংবাদিকদের কাছে মনজুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আজকের এ অনুষ্ঠানে মনজুরের উপস্থিত থাকার কথা ছিল।মনজুর আহমেদের পারিবারিক সূত্র জানিয়েছে, গতকাল তিনি আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে অংশ নেন। সেখান থেকে ফিরে রাতের খাবার খেয়ে নিজের কক্ষে শুয়ে পড়েন। কিন্তু আজ অনেক বেলা হয়ে যাওয়ার পরও তিনি কক্ষ থেকে বের না হওয়ায় দরজা ভেঙে পরিবারের লোকজন ভেতরে ঢোকে। এ সময় তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে চিকিত্সক এসে তাঁকে মৃত ঘোষণা করেন।মনজুর আহমেদ সত্তর ও আশির দশকে জাতীয় পর্যায়ে ক্রিকেট খেলেন। খেলোয়াড়ি জীবনে তিনি ছিলেন একজন উইকেটরক্ষক। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক উইকেটরক্ষক নাসির আহমেদের বড় ভাই। মনজুর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক। তিনি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ছিলেন একজন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ। বিসিবির প্রধান নির্বাহী হওয়ার আগে তিনি ব্রুনেই দারুসসালাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বহী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালের সেপ্টেম্বর মাসে তিনি বিসিবির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।মঞ্জুরের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে গুলশান আজাদ মসজিদে আসরের নামাজের পর। দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে বাদ মাগরিব মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।