বিসিবির সংশোধিত গঠনতন্ত্র: রায় স্থগিত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্রে জাতীয় ক্রীড়া পরিষদের আনা সংশোধনীকে অবৈধ বলে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন চেম্বার বিচারপতি।আজ সোমবার দুপুরে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্টের দেওয়া রায়ে স্থগিতাদেশ দিয়ে আবেদনটি ৭ ফেব্রুয়ারি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়েছেন। ওই সময় পক্ষগণকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে।গতকাল রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আবদুর রব সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের দেওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশোধিত গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন। এ রায়ে স্থগিতাদেশ চেয়ে আজ সকালে জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রিকেট বোর্ড আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করে। সংশোধিত গঠনতন্ত্রে তিন শ্রেণীতে ক্রিকেটারদের সরাসরি বিসিবির কাউন্সিলর হওয়ার বিধান রাখা হয়েছে। সভাপতি মনোনীত সাবেক ক্রিকেটার থাকবেন পাঁচজন, এনএসসি মনোনীত ১০ জন ও ক্রিকেটারদের সংগঠন কোয়াব মনোনীত একজন সাবেক ক্রিকেটার বিসিবির কাউন্সিলর হতে পারবেন।আজ আদালতে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে ছিলেন আইনজীবী শেখ ফজলে নূর তাপস। মূল রিটের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুব শফিক। পরে একরামুল হক প্রথম আলো ডটকমকে বলেন, চেম্বার বিচারপতি হাইকোর্টের রায়ের কার্যকারিতা ৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন। একই সঙ্গে ওই দিন বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য তারিখ ধার্য করা হয়েছে। ২০১২ সালে বিসিবির গঠনতন্ত্রে দুবার সংশোধনী আনা হয়। প্রথম সংশোধনীটি আনার পর বার্ষিক সাধারণ সভার অনুমোদন ছাড়াই গত ২৯ নভেম্বর গঠনতন্ত্রে দ্বিতীয়বারের মতো সংশোধনী আনে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। দ্বিতীয় সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে বিসিবির সাবেক পরিচালক স্থপতি মোবাশ্বের হোসেন এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি ইউসুফ জামিল গত ডিসেম্বরে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানির পর গত ১৩ ডিসেম্বর হাইকোর্ট রুল জারি করেন। একই সঙ্গে সংশোধিত গঠনতন্ত্রের ওপর স্থগিতাদেশও দেওয়া হয়। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল রায় দেন আদালত।