বিস্তীর্ণ এলাকায় বোরো চাষ অনিশ্চিত
সাতক্ষীরায় কপোতাক্ষ, বেত্রবতী, ইছামতী ও সোনাই নদ-নদীতে পলি জমে ভরাট হয়ে যাওয়ায় প্রতিবছর কলরোয়া উপজেলার একটি অংশে জলাবদ্ধতা বাড়ছে। আর স্থায়ী এ জলাবদ্ধতার কারণে চলতি মৌসুমে উপজেলায় প্রায় তিন হাজার বিঘা জমিতে বোরো আবাদ হবে না বলে আশঙ্কা করা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, কপোতাক্ষ পাড়ে উপজেলার দেয়াড়া, যুগিখালী, জয়নগর, জালালাবাদ ও কয়লা ইউনিয়নের ফসলি জমিতে জলাবদ্ধতা ক্রমশ বেড়েই চলেছে। কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের খাজনা গ্রামের আফসার আলী, ক্ষেত্রপাড়ার শওকাত হোসেন ও রামকৃষ্ণপুর গ্রামের শহীদুল ইসলাম জানান, তাঁদের জমি এখনো তিন থেকে চার ফুট পানির নিচে। গত বছর তাঁরা তিনজন ২৫ বিঘা জমিতে ধান চাষ করতে পারেননি। একই ধরনের কথা বলেন যুগিখালী ইউনিয়নের ফজলুল রহমান, দেয়াড়া ইউনিয়নের আক্তারুল ইসলাম ও মাঠপাড়া গ্রামের হারুন-উর-রশিদ। তাঁরা জানান, এলাকায় নদীর পাড়ের প্রায় সব জমি তলিয়ে রয়েছে। এ ব্যাপারে উপজেলার দেয়াড়া ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জানান, জলাবদ্ধতা দেয়াড়া এলাকার জন্য অভিশাপ। কপোতাক্ষ নদের নাব্যতা ফিরে না এলে গোটা এলাকাই জলাবদ্ধ হয়ে পড়বে। এ ইউনিয়নের প্রায় দেড় হাজার বিঘা জমিতে এবার বোরো চাষ করা যাবে না। যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, ইউনিয়নের প্রায় ৫০০ বিঘা জমিতে এবার ধানের চারা রোপণ করা যাবে না। জয়নগর ইউপি চেয়ারম্যান তপন সাহা জানান, দীর্ঘস্থায়ী এ সমস্যার কারণে এই ইউনিয়নের জমি এবার বোরো আবাদের বাইরে থাকতে পারে। ১২ জানুয়ারি থেকে ক্ষেত্রপাড়া এলাকায় সমবায়ের ভিত্তিতে কৃষকেরা জমি থেকে পানি সেচা শুরু করেছেন।নদী বাঁচাও আন্দোলন কমিটির কলারোয়া উপজেলার আহ্বায়ক মমতাজ আহমদ (৯৪) জানান, উপজেলার ৭৭ কিলোমিটার এলাকার ওপর দিয়ে কপোতাক্ষ, বেত্রবতী, ইছামতী ও সোনাই নদী বয়ে গেছে। এর অধিকাংশ স্থানে পলি জমে প্রায় ভরাট হয়ে গেছে। ফলে উপজেলার চারটি ইউনিয়নের আট থেকে ১০ হাজার বিঘা জমি তিন থেকে চার ফুট পানিতে তলিয়ে গেছে। সেচ দিয়ে পানি সরানো না গেলে ওই সব জমিতে চলতি বোরো মৌসুমে ধান চাষ করা অসম্ভব হয়ে পড়বে। কলারোয়া সেচ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এম নজরুল ইসলাম জানান, উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়ন জলাবদ্ধ। এর মধ্যে জয়নগর ইউনিয়নে দুই হাজার ২৫০ বিঘা, জালালাবাদে এক হাজার ৫০০ বিঘা, কয়লায় ৩০০ বিঘা, লাঙলঝাড়ায় ৩০০ বিঘা, কুশোডাঙ্গায় ২৫০ বিঘা, যুগিখালীতে ৯০০ বিঘা, কলারোয়া পৌরসভা এলাকায় সাড়ে ৪০০ বিঘা কৃষি জমি জলাবদ্ধতার কারণে ২০০৯ সালে অনাবাদি ছিল। এবারও অবস্থার কোনো উন্নতি হয়নি। কোথাও কোথাও এ পরিস্থিতির অবনতি হয়েছে।সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে কলারোয়া উপজেলায় ১২টি ইউনিয়নে ১২ হাজার ৫৫০ হেক্টর জমিতে বোরো জাতের ধান চাষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর লতিফ জানান, জলাবদ্ধতার কারণে এবার বোরো চাষের বাইরে থাকা জমির প্রকৃত হিসাব চাষ শেষ না হওয়া পর্যন্ত পাওয়া যাবে না। জলাবদ্ধ প্রতিটি এলাকায় ব্যক্তি ও সমবায়ের ভিত্তিতে পানি সেচে তা আবাদের উপযুক্ত করে তোলার জন্য বিশেষভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে।