বিস্ফোরক আইনে ৮০৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় ৮০৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাঁদের মধ্যে ৮০৭ জন বিডিআর জওয়ান। অন্যজন বেসামরিক নাগরিক মোহাম্মদ জাকির।এ মামলায় বিএনপির নেতা নাসির উদ্দীন আহাম্মেদ পিন্টু ও আওয়ামী লীগের নেতা তোরাব আলীর নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ গত মঙ্গলবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত অভিযোগপত্রটির নথি সংযুক্ত করার আদেশ দেন। সাধারণ নিবন্ধন শাখার (জিআরও) রতন শেখ জানান, বিস্ফোরকদ্রব্য আইনে মামলাটির বিচার করার ক্ষমতা মহানগর দায়রা জজ আদালতের। তাই মামলাটি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হলে ওই আদালত থেকে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। গত মঙ্গলবার আদালতে দাখিল করা বিস্ফোরক মামলার অভিযোগপত্রে ২১ জনকে পলাতক দেখিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। আর এক হাজার ৫২০ জনের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়। বিস্ফোরক আইনের মামলায় বিএনপির নেতা নাসির উদ্দীন আহাম্মেদ পিন্টু ও আওয়ামী লীগের নেতা তোরাব আলীকে আসামি করা হয়নি। তাঁদের এ মামলায় অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে। তবে বিডিআরে হত্যা, লুটপাট, লাশ গুমসহ বিভিন্ন অভিযোগে করা মামলায় বিএনপির নেতা পিন্টু ও স্থানীয় আওয়ামী লীগের নেতা তোরাব আলীসহ ৮২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল সিআইডি। ওই মামলায় এক হাজার ৫০৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছিল। গত বছর ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিদ্রোহে ৫৭ জন কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা মামলার তদন্তের দায়িত্ব পায় সিআইডি।