সিলেটে যানবাহন গ্যাসে রূপান্তর কারখানার চিত্র
বিস্ফোরক-ঝুঁকি মোকাবিলায় শুধুই ‘সতর্কতা’!
গ্যাসচালিত যানবাহনের কদর বাড়ছে। সাশ্রয়ী হওয়ায় ডিজেল বা পেট্রলচালিত যানবাহনগুলো রূপান্তর করা হচ্ছে গ্যাসে। এই রূপান্তর ক্রমে বেড়ে যাওয়ায় ব্যবসাও জমে উঠেছে। সিলেটে তাই রাতারাতি গড়ে উঠছে গ্যাসে রূপান্তর কারখানা। নগরের দক্ষিণ সুরমা এলাকায় এই কারখানাগুলো গড়ে উঠলেও যানবাহন রূপান্তরকাজে বিস্ফোরক-ঝুঁকি মোকাবিলায় কারখানার পরিচালকদের মধ্যে শুধুই ‘সতর্কতা’ দেখা গেছে। এ ক্ষেত্রে পর্যবেক্ষণকারী সংস্থাগুলোও নির্বিকার।সিলেট-গোলাপগঞ্জ সড়কের পাশে আলমপুর এলাকায় টিনশেডের দুটি কক্ষের একটি ঘর। এক পাশে ব্যবস্থাপকের কার্যালয়, অন্য পাশে কারখানা। আশপাশে বসতি এলাকা আর সামনে ব্যস্ত সড়কের জনবহুল স্থানে যেনতেনভাবে চলে যানবাহন গ্যাসে রূপান্তর করার ঝুঁকিপূর্ণ কাজ। এই কারখানার নাম ‘শাহজালাল সিএনজি কনভারশন সেন্টার’। কারখানা স্থাপন ও পরিচালনার নীতিমালায় উল্লেখ রয়েছে, জনবহুল ও আবাসিক এলাকার নিরাপদ দূরত্বে ও অন্তত এক শতক আয়তনের খোলা আঙিনায় কারখানা থাকতে হবে। কিন্তু তা না মেনে কারখানা পরিচালনা প্রসঙ্গে ব্যবস্থাপক সায়েমউদ্দিন আহমেদের জবাব, ‘কোনো দুর্ঘটনা তো ঘটে না, তাই সমস্যা হয় না!’ কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলীর জনবহুল জায়গায় একচালা একটি খুপরিঘরের সামনে সারিবদ্ধ গাড়ি। ঘরের সামনে যে ফাঁকা চত্বর, সেখানেই করা হয় গ্যাসে রূপান্তর করার কাজ। নীতিমালায় রয়েছে, গ্যাসে রূপান্তর করার সময় কারখানায় নিজস্ব অগ্নিনির্বাপণ-ব্যবস্থা রাখতে হবে এবং রূপান্তরকাজ যথাযথ নিরাপত্তাবেষ্টনীর মধ্যে হতে হবে। ‘টাটা সিএনজি কনভারশন ওয়ার্কস’ নামের এই কারখানার মালিক জামালউদ্দিন স্বীকার করেন, কোনো ধরনের নিরাপত্তাবেষ্টনী ছাড়াই ঝুঁকিপূর্ণ এ কাজ করা হচ্ছে। তবে তাঁরা ‘সতর্কতার সঙ্গে’ এ কাজ করেন বলে ঝুঁকির আশঙ্কা নেই। দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরে একটি ভবনের চিলেকোঠার আকৃতির কক্ষে ‘নিউ আলবাইক সিএনজি কনভারশন সেন্টার’। এই কারখানার বিরুদ্ধে অভিযোগ, মৌলভীবাজার জেলা শহরে কারখানা চালুর স্থানের অনুমতি নিয়ে জনবহুল হুমায়ুন রশীদ চত্বরে চলে গ্যাসে রূপান্তরিত করার কাজ। তবে পরিচালক মো. বাবুল হোসেন দাবি করেন, তাঁদের অনুমতি আছে। দেখাতে অনুরোধ করলে তিনি পরে দেখাবেন জানিয়ে আর যোগাযোগ করেননি। এক প্রশ্নের জবাবে বাবুল প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে কেন, আরও অনেকেই তো এক জায়গার অনুমোদন নিয়ে অন্য জায়গায় কারখানা চালাচ্ছে। লিখলে তাদের বিরুদ্ধেও লেখেন!’ সিলেটে শুধু ওই তিনটি কারখানা নয়, রাতারাতি গড়ে ওঠা ১১টি কারখানায় ঝুঁকিপূর্ণ অবস্থায় চলছে যানবাহন গ্যাসে রূপান্তর করার কাজ। যানবাহন গ্যাসে রূপান্তর করার এ কাজে ঝুঁকি এড়াতে কারখানা স্থাপনের নীতিমালা কোনোটিতেই নেই। এ ব্যাপারে নজরদারি করার কর্তৃপক্ষের তৎপরতাও নেই বললে চলে। সরেজমিনে এই দুটি কারখানাসহ ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখা গেছে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী ও আশপাশের এলাকার অধিকাংশ গ্যাসে রূপান্তর করার কারখানার অবকাঠামোগত পরিবেশ। এ রকমও দেখা গেছে, কারখানা স্থাপনে যে স্থানের কথা উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়েছে, সেই স্থানে না বসিয়ে কারখানা সুবিধামতো স্থানে বসিয়ে চলছে যানবাহন গ্যাসে রূপান্তর করার কাজ। বিস্ফোরক অধিদপ্তর ও বিআরটিএ সূত্র জানায়, ডিজেল বা পেট্রলচালিত যানবাহনকে গ্যাসে রূপান্তর করার কাজটি একটি ঝুঁকিপূর্ণ কাজ। যেকোনো সময় গ্যাস বিস্ফোরণের আশঙ্কা থাকায় এ রকম কারখানা অপেক্ষাকৃত কম জনবহুল স্থানে স্থাপন করার বাধ্যবাধকতা রয়েছে। একটি কারখানা স্থাপনে প্রধানত এক শতক জায়গার আঙিনা, নিজস্ব অগ্নিনির্বাপণ-ব্যবস্থা, জনবহুল স্থান হলে নিরাপত্তাবেষ্টনী থাকার শর্ত সাপেক্ষে আরও ১৯টি শর্ত রয়েছে। এগুলো ভঙ্গ হলে আইন অনুযায়ী কারখানা বন্ধ করার নির্দেশনা রয়েছে। অভিযোগ রয়েছে, কারখানার নীতিমালা বা শর্ত ভঙ্গ করার বিষয়টি ঢাকা থেকে সরাসরি রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি (আরপিজিসিএল) কর্তৃপক্ষের তদারক করার এখতিয়ার থাকায় সার্বক্ষণিক নজরদারি ব্যাহত হচ্ছে। আর এ সুযোগে নীতিমালা লঙ্ঘন ও শর্ত ভঙ্গ করে চলছে কারখানা। ২০০৪-০৫ অর্থবছরে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এসব কারখানার দেখভাল করার কর্তৃপক্ষ কেবল আরপিজিসিএল। তখন থেকে সিলেটে রাতারাতি গ্যাসে রূপান্তর কারখানা গড়ে ওঠার প্রবণতা শুরু হয়।এ ব্যাপারে বিস্ফোরক অধিদপ্তর সিলেটের পরিদর্শক মোহাম্মদ সামসুল আলম প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারটি যখন আমাদের নজরদারির মধ্যে ছিল, তখন কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হতো। এখন কেউ আমাদের বললেও আমরা কিছু করতে পারি না।’ বিস্ফোরক অধিদপ্তরের নিজস্ব পর্যবেক্ষণের কথা উল্লেখ করে পরিদর্শক জানান, সিলেটে বৈধ-অবৈধ প্রশ্নে নয়, অধিকাংশ কারখানা চলছে নীতিমালাবহির্ভূত যেনতেনভাবে। এতে বড় রকমের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিআরটিএ সিলেটের পরিদর্শক এহসানুল হক বলেন, ‘আমাদের দায়িত্ব কেবল গ্যাসচালিত গাড়িগুলো চলাচল পর্যবেক্ষণ করা। যান্ত্রিক কোনো ত্রুটি আছে কি না, এসব দেখা আমাদের বিষয়। এগুলো কোথায় কীভাবে গ্যাসে রূপান্তরিত হয়েছে, সে ব্যাপারে শুধু গ্যাসে রূপান্তর করার প্রত্যয়নপত্র দেখি।’ আরপিজিসিএল সূত্রে জানা গেছে, প্রাকৃতিক গ্যাসের জোগান ও সরবরাহ সমন্বয় রাখতেই যানবাহন গ্যাসে রূপান্তর করার কারখানাগুলো ২০০৫ সালের পর থেকে কোম্পানির অধীনে করা হয়। কোম্পানি-নির্ধারিত ১৯টি শর্ত পূরণ সাপেক্ষে কারখানা চালুর অনুমতি দেওয়া হয়। যানবাহন গ্যাসে রূপান্তর করার চাহিদা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সিলেটে অধিকাংশ কারখানা কাগজপত্রে শর্ত পূরণ করলেও বাস্তবে অনেকগুলো শর্ত পূরণ না করেই চলছে। এর মধ্যে চারটি কারখানা কোনো শর্ত পূরণ না করায় আরপিজিসিএলের অনুমতি না নিয়েই চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।যানবাহন গ্যাসে রূপান্তর করার কারখানা পর্যবেক্ষণে সিলেট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত আরপিজিসিএলের সহকারী প্রকৌশলী রকিবুল ইসলাম প্রথম আলোর কাছে স্বীকার করেন বিভিন্ন কারখানা যেনতেনভাবে পরিচালিত হওয়ার বিষয়টি। ঢাকা থেকে নজরদারিতে দূরত্বের কারণে কিছুটা সমস্যা হলেও কারখানাগুলো তাঁদের নজরদারির মধ্যে রয়েছে দাবি করে তিনি জানান, নীতিমালা লঙ্ঘন ও শর্ত ভঙ্গকারীদের বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছে। কারখানার পরিচালকেরা শর্ত পূরণ ‘করছি, করব’—এ ধরনের আশ্বাসের কারণে ব্যবস্থা নিতে দেরি হচ্ছে। সহকারী প্রকৌশলী নির্দিষ্ট করে সিলেটের আলমপুর এলাকায় শাহজালাল সিএনজি কনভারশন সেন্টার ও কেন্দ্রীয় বাস টার্মিনালের টাটা সিএনজি কনভারশনের কোনো অনুমতি নেই বলে জানান। এ ছাড়া আরও কয়েকটি কারখানা স্থানের শর্ত লঙ্ঘন করেছে। এসবের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।