২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরক মামলায় তারেক রহমানসহ পলাতক ১২ আসামির বিরুদ্ধে ১১ আগস্ট গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক এ আদেশ দেন।১৪ জুলাই আদালত তারেকসহ এ মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও মালামাল জব্দ করা সংক্রান্ত প্রতিবেদন আজ দাখিলের দিন ধার্য করেন। তবে আজ তা দাখিল করা হয়নি। আদালত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন।আজ এ মামলার আসামি পুলিশের তিন সাবেক মহাপরিদর্শক (আইজিপি), এনএসআইয়ের পরিচালক আব্দুর রহিম ও সাবেক তিন তদন্ত কর্মকর্তার জামিনের আবেদন করা হয়। আজ শুনানি হলেও এ ব্যাপারে আদেশ হয়নি। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান, আবুল কালাম আজাদ প্রমুখ। এর আগে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ মামলায় গ্রেপ্তার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ৩২ জনকে আদালতে হাজির করা হয়। এ মামলায় বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে দেওয়া মূল অভিযোগপত্রে ২২ জন ও সম্প্রতি দেওয়া সম্পূরক অভিযোগপত্রে ৩০ জনকে আসামি করা হয়। এ নিয়ে মোট আসামির সংখ্যা ৫২ জন। এর মধ্যে মূল অভিযোগপত্রের আটজন ও সম্পূরক অভিযোগপত্রের ১২ জনসহ মোট ২০ জন আসামি পলাতক রয়েছেন। গত ১৪ জুলাই সম্পূরক অভিযোগপত্রভুক্ত পলাতক ১২ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও তত্কালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার জনসভায় এই গ্রেনেড হামলায় ২২ জন নিহত হন। আহত হন কয়েক শ ব্যক্তি।