পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলায় ৮০৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এঁদের মধ্যে ৮০৭ জন বিডিআর জওয়ান এবং অন্যজন মোহাম্মদ জাকির বেসামরিক নাগরিক।সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ আজ মঙ্গলবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন । অভিযোগপত্রে ২১ জনকে পলাতক দেখিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। এক হাজার ৫২০ জনের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে। তবে এ অভিযোগপত্রে বিএনপির নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ও আওয়ামী লীগ নেতা তোরাব আলীকে আসামি করা হয়নি। প্রসঙ্গত, ১২ জুলাই হত্যা, লুটপাট, লাশ গুমসহ বিভিন্ন অভিযোগে ৮২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। তবে এক হাজার ৫০৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়। গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিদ্রোহে বিডিআর জওয়ানদের হাতে ৫৭ জন কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা দুটি মামলার তদন্তের দায়িত্ব পায় সিআইডি।