বিস্ফোরক মামলার তদন্তের সময় বাড়ল ২৫ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাসংক্রান্ত বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলায় অধিকতর তদন্তের সময় আরও ২৫ দিন বাড়িয়েছেন। ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বাড়ান। গতকাল মঙ্গলবার রাষ্ট্রপক্ষে এ মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান সিআইডির পক্ষে আরও ৪৫ দিন সময় বাড়ানোর আবেদন আদালতে দাখিল করেন। আজ বুধবার ছিল অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পূর্বনির্ধারিত ধার্য তারিখ। কিন্তু তদন্ত শেষ করতে না পারায় সিআইডি সময় বাড়ানোর আবেদন করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, জঙ্গি নেতা মুফতি হান্নান ৭ এপ্রিল আবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁর জবানবন্দির ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক আবদুর রহিম ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক রেজ্জাকুল হায়দারকে গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। হামলায় ব্যবহূত গ্রেনেড সরবরাহকারী, মদদদাতাদের অনেকেই পলাতক। তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা প্রয়োজন। এ জন্য অধিকতর তদন্তের জন্য আরও ৪৫ দিন সময় দরকার।এর আগে গত ১ মার্চ ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক মামলার তদন্তে বিলম্ব না করার জন্য তদন্ত কর্মকর্তাকে সতর্ক করে এক মাস সময় বাড়িয়েছিলেন। এরপর ৪ এপ্রিল সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার অধিকতর তদন্তের সময় আবারও ২০ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেন আদালত।২০০৪ সালের ২১ আগস্টে গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা মামলারও অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২২ এপ্রিল দিন ধার্য রয়েছে। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এ তারিখ নির্ধারণ করেন। সূত্র জানায়, এ মামলারও তদন্তের সময় বাড়ানোর আবেদন জানানো হবে।