বিস্ফোরক মামলার তদন্তের সময় বাড়ানোর আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাসংক্রান্ত বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় অধিকতর তদন্তের সময় আরও ৪৫ দিন বাড়ানোর আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কাল সোমবার এ ব্যাপারে শুনানির দিন ধার্য করেছেন আদালত। সিআইডির তদন্ত কর্মকর্তা বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ এ আবেদন করেন। আজ রোববার রাষ্ট্রপক্ষে এ মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান সিআইডির এ আবেদন আদালতে দাখিল করেন।এর আগে গত ১ মার্চ ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক তদন্তে বিলম্ব না করার জন্য তদন্ত কর্মকর্তা আবদুল কাহার আকন্দকে সতর্ক করে এক মাস সময় বাড়িয়েছিলেন। কাল এ মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। অধিকতর তদন্ত শেষ করতে না পারায় সিআইডি আরও ৪৫ দিন সময় বাড়ানোর আবেদন করে।উল্লেখ্য, গত ২৩ মার্চ একই ঘটনায় করা হত্যা মামলায় ৪৫ দিন সময় বাড়ানোর আবেদন করে সিআইডি। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ২২ এপ্রিল পর্যন্ত অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বর্ধিত করেন। কারণ হিসেবে বলা হয়, আর্জেস গ্রেনেড পাকিস্তান থেকে চট্টগ্রামে আনা হয়। কোথায় কীভাবে তা খালাস করা হয়েছে—এ বিষয়ে তথ্য উদ্ধারের জন্য সময়ের প্রয়োজন।২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ২০০৮ সালের ১১ জুন সিআইডি অভিযোগপত্র দাখিল করে। কিন্তু ওই অভিযোগপত্রে হামলায় ব্যবহূত আর্জেস গ্রেনেডের উত্স, সরবরাহকারী এবং ঘটনাস্থল থেকে উদ্ধার করা আর্জেস গ্রেনেড ধ্বংসের বিষয়টি তদন্তে আসেনি। তাই ২০০৯ সালের ২৫ জুন রাষ্ট্রপক্ষ অধিকতর তদন্তের আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে আদালত রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে ওই বছরের ৩ আগস্ট অধিকতর তদন্তের নির্দেশ দেন।