২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাসংক্রান্ত বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় অধিকতর তদন্তের সময় আরও ৪৫ দিন বাড়ানোর আবেদন করেছে সিআইডি।আজ মঙ্গলবার রাষ্ট্রপক্ষে এ মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান সিআইডির এ আবেদন আদালতে দাখিল করেন। আদালত কাল বুধবার এ ব্যাপারে শুনানির দিন ধার্য করেছেন। অধিকতর তদন্ত শেষ করতে না পারায় সিআইডি আরও ৪৫ দিন সময় বাড়ানোর আবেদন করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।এর আগে গত ১ মার্চ ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক মামলার তদন্তে বিলম্ব না করার জন্য তদন্ত কর্মকর্তাকে সতর্ক করে এক মাস সময় বাড়িয়েছিলেন। এরপর ৪ এপ্রিল সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার অধিকতর তদন্তের সময় আবারও ২০ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছিলেন আদালত।২০০৪ সালের ২১ আগস্টে গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায়ও অধিকতর তদন্তের সময় আরও ৪৫ দিন সময় বাড়াতে গত ২৩ মার্চ আবেদন করে সিআইডি। আদালত ২২ এপ্রিল পর্যন্ত সময় বর্ধিত করেন।এর আগে ২০০৮ সালের ১১ জুন সিআইডি মামলা দুটির অভিযোগপত্র দাখিল করে। কিন্তু ওই অভিযোগপত্রে হামলায় ব্যবহূত আর্জেস গ্রেনেডের উত্স, সরবরাহকারী এবং ঘটনাস্থল থেকে উদ্ধার করা আর্জেস গ্রেনেড ধ্বংসের বিষয়টি তদন্তে আসেনি। এই কারণ উল্লেখ করে ২০০৯ সালের ২৫ জুন রাষ্ট্রপক্ষ অধিকতর তদন্তের আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে আদালত ওই বছরের ৩ আগস্ট অধিকতর তদন্তের নির্দেশ দেন।