বিস্ফোরক মামলায় অভিযোগ গঠনের শুনানি ১৮ সেপ্টেম্বর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য মামলায় অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার বিষয়টি আমলে নিয়েছেন আদালত। আগামী ১৮ সেপ্টেম্বর আসামিদের উপস্থিতি ও অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে।এর আগে এ মামলায় অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি হয়। আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক আজ রোববার এ আদেশ দেন।বিএনপির নেতা সাদেক হোসেন খোকা এ মামলায় আজ নতুন করে জামিন নিয়েছেন। এ সময় মির্জা ফখরুলসহ জামিনে থাকা বাকি ২৭ আসামি আদালতে হাজির ছিলেন। অপর আসামি রুহুল কবির রিজভী অসুস্থ থাকায় তাঁর পক্ষে সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।রাষ্ট্রপক্ষে শুনানি করেন মহানগর পিপি আবদুল্লাহ আবু, অতিরিক্ত পিপি শাহ আলম তালুকদার, এ এফ এম রেজাউর রহমান, তাপস কুমার পাল। আসামিপক্ষে ছিলেন আইনজীবী সানাউল্লাহ মিয়া, মাহাবুব উদ্দিন খোকন, বোরহান উদ্দিন প্রমুখ।বিএনপির নেতা এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল হরতাল চলাকালে সচিবালয়ে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। ওই দিন রাতেই শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) হীরেন্দ্রনাথ প্রামাণিক মামলা করেন।গত ৩১ মে পুলিশ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মির্জা ফখরুলসহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। গত ২৬ জুলাই অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানি শুরু হয়।