২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলায় অধিকতর তদন্তের সময় আবার দুই মাস বাড়ানো হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান আদালতকে বলেন, অধিকতর তদন্তকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, পাকিস্তানি নাগরিক ইউসুফ ভাট, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ডিউকসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ মামলার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এ কারণে সিআইডি তদন্তের স্বার্থে আরও চার মাস সময় বাড়ানোর আবেদন করেছে।শুনানি শেষে আদালত আগামী ৩ ডিসেম্বরের মধ্যে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দেন। প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়। এতে আওয়ামী লীগের নেত্রী আইভি রহমানসহ অন্তত ২১ নেতা-কর্মী নিহত হন।