২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা বিস্ফোরক মামলায়ও তারেক রহমানসহ ১২ জন পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও মালামাল ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হক এ আদেশ জারি করেছেন। একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা ও মালামাল ক্রোক-সংক্রান্ত প্রতিবেদন ২৬ জুলাই দাখিল করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।৩ জুলাই ২১ আগস্টের ঘটনায় দায়ের দুই মামলায় সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। এতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ ৩০ ব্যক্তিকে নতুন আসামি করা হয়।এরপর ওই দিনই হত্যা মামলায় আসামিদের মধ্যে তারেকসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।তারেক রহমান ছাড়া বিস্ফোরক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত অন্য আসামিরা হলেন—হারিছ চৌধুরী, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, এ টি এম আমিন, সাইফুল ইসলাম জোয়ার্দার, ওবায়দুর রহমান, খান সাঈদ হাসান, মো. হানিফ, মুফতি শফিকুর রহমান, আবদুল হাই, রাতুল বাবু ও মাওলানা ইয়াহিয়া।