বিস্ফোরক মামলায় তারেকসহ ১২ জনের বিরুদ্ধে পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির নেতা তারেক রহমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি ও মালামাল জব্দ করার পরোয়ানা জারি করেছেন আদালত। তারেক রহমান ছাড়া অন্যরা হলেন প্রধানমন্ত্রী থাকাকালে খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপির সাংসদ শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, লেফটেন্যান্ট কর্নেল (বহিষ্কৃত) সাইফুল ইসলাম জোয়ার্দার, মেজর জেনারেল (অব.) এ টি এম আমিন, পুলিশের তৎকালীন উপকমিশনার (পূর্ব) ওবায়দুর রহমান ও উপকমিশনার (দক্ষিণ) খান সাঈদ হাসান, জঙ্গিনেতা হাফেজ ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আবদুল হাই, রাতুল বাবু (সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই) ও পরিবহনের মালিক মো. হানিফ। গতকাল বৃহস্পতিবার এই মামলার সম্পূরক অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এই আদেশ দেন। গতকাল আদালতে এই মামলায় গ্রেপ্তার থাকা ৩২ আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াতের নেতা ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ২৯ জনকে আদালতে হাজির করা হয়। অসুস্থ থাকায় বাকি তিনজনকে হাজির করা হয়নি।এ মামলায় বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে দেওয়া মূল অভিযোগপত্রে ২২ জন ও সম্প্রতি দেওয়া সম্পূরক অভিযোগপত্রে ৩০ জনকে আসামি করা হয়। এ নিয়ে মোট আসামির সংখ্যা ৫২ জন। এর মধ্যে মূল অভিযোগপত্রের আটজন ও সম্পূরক অভিযোগপত্রের ১২ জনসহ মোট ২০ জন আসামি পলাতক রয়েছেন। গতকাল সম্পূরক অভিযোগপত্রভুক্ত পলাতক ১২ আসামির বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত।এর আগে আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী নজিব উল্লাহ অভিযোগপত্র গ্রহণ করে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত কৌঁসুলি শাহ আলম তালুকদার, আবদুস সাত্তার ও আবুল কালাম আজাদ শুনানিতে অংশ নেন।শুনানিতে তারেক রহমানের পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতকে বলেন, তারেক রহমান ২০০৮ সালের আপিল বিভাগের আদেশ ও সরকারের অনুমতি নিয়ে বিদেশে চিকিৎসার জন্য গেছেন। তাই তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি না করার আবেদন করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এই আবেদনের বিরোধিতা করে বলেন, এ মামলায় তারেক রহমান পলাতক আসামি। পলাতক আসামির পক্ষে কথা বলার সুযোগ নেই। এ ছাড়া আসামি মুজাহিদ ও মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দারের পক্ষে জামিনের আবেদন আদালত নাকচ করে দেন। তবে আসামি লুৎফুজ্জামান বাবর ও মুজাহিদসহ কয়েকজন আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁদের আইনজীবীর সঙ্গে কথা বলার অনুমতি দেন।আসামি মাওলানা আবু তাহেরের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কারাবিধি অনুযায়ী তাঁর চিকিৎসার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। আসামিদের পক্ষে শুনানিতে আরও অংশ নেন আবদুস সোহান তরফদার, মাহবুব উদ্দিন, এ টি এম আকবর, আবদুর রাজ্জাক প্রমুখ। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় ২২ জন নিহত হন। আহত হন কয়েক শ ব্যক্তি।